• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ছাত্রলীগের ১৭ বছরের নির্যাতন-দখলদারিত্বের তথ্য চাইল ঢাকা কলেজ ছাত্রদল

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:২৩
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৬:২৩

ছাত্রলীগের ১৭ বছরের নির্যাতন-দখলদারিত্বের তথ্য চাইল ঢাকা কলেজ ছাত্রদল
 

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ছবি : প্রতিনিধি
ঢাকা কলেজে ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ চেয়েছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। এসব অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ দিতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

 

সোমবার (১৬ নভেম্বর) ঢাকা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার যেসব নেতাকর্মী ক্যাম্পাসের ভেতরে ও বাইরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলদারিত্ব, সিট বাণিজ্য, র‍্যাগিং এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বা এখনো রয়েছে, তাদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ দিতে হবে। এসব তথ্য ঢাকা কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর সম্পাদকের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া তথ্য যথাযথ যাচাই-বাছাই ও তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ, অ্যাকাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

 

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদকের দায়িত্বে) সোহাইব আহমেদ সজীব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানান সংগঠনটির আহ্বায়ক পিয়াল হাসান ও সদস্য সচিব মিল্লাদ হোসেন।

এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাদ হোসেন বলেন, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। ২০০৯ সাল থেকে দীর্ঘ ১৭ বছরে সংগঠনটির যেসব নেতাকর্মী অন্যায়, অত্যাচার, নির্যাতন, হত্যাকাণ্ড ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে ছাত্রদল। যেসব শিক্ষার্থী নির্যাতন ও বিভিন্ন অপকর্মের শিকার হয়েছেন, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি এসব বিষয়ে কলেজ প্রশাসনকেও অবহিত করা হবে।

মিল্লাদ হোসেন আরও বলেন, ৫ আগস্টের ঘটনায় শিক্ষার্থী হত্যাকাণ্ডসহ পরবর্তী সময়ে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে যাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থার আওতায় আনার বিষয়ে ছাত্রদল কাজ করছে।

 

কলেজের শিক্ষকদের ভূমিকা নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরে ছাত্রদলের এই নেতা বলেন, শিক্ষকরা কোনো রাজনৈতিক দলের অংশ হবেন, এমন প্রত্যাশা ছাত্রদলের নেই। বরং সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থান থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন এটাই আমাদের প্রত্যাশা। কোনো শিক্ষকের বিরুদ্ধে নিষিদ্ধ আওয়ামী লীগ বা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানানো হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম