• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

পরীমণির জন্মদিন: বিমানে এলো শিউলি ফুল, সঙ্গে নতুন ছবির ঘোষণা

প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:১২
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ১০:১২

পরীমণির জন্মদিন বিমানে এলো শিউলি ফুল, সঙ্গে নতুন ছবির ঘোষণা
 

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঢালিউড তারকা পরীমণির জন্মদিন যেন তার সৌন্দর্যের মতোই জমকালো। এবারও ব্যতিক্রম ছিল না। গতকাল শনিবার ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত পরীমণির জন্মদিনে ছিল শিউলি ফুলের আধিক্য। সেখানকার সিঁড়িগুলো যেমন সাজানো হয়েছিল শিউলিতে। তেমনই নায়িকার শাড়িতেও ছিল সুতোয় বোনা শিউলি। এর পেছনেও রয়েছে এক চমকে দেওয়া গল্প।

গতকাল শনিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন পরীমণি। সেখানে জানান তার দুই মন শিউলি দরকার। মন্তব্যের ঘরে নানাজনে নানা কথা লিখলেও কাজের কাজটি করেছেন চট্টগ্রামের একজন। বিমানে করে নায়িকার জন্য পাঠান পর্যাপ্ত শিউলি। সেই ফুলেই সেজে উঠেছিল পরীর জন্মদিনের আয়োজন স্থল।

পরীমণির কথায়, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব করেছি। ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলাম, কেউ আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দাও। কিন্তু এটা আসলে সম্ভবও না। এই ফুল চার-পাঁচ ঘণ্টাও ঠিক রাখা যায় না। কিন্তু একজন আমাকে চট্টগ্রাম থেকে ফ্লাইটে করে শিউলি ফুল পাঠিয়েছে।’

ঢালিউডে তারকাদের জন্মদিনে নতুন সিনেমার পোস্টার, টিজার কিংবা ফার্স্ট লুক প্রকাশের রীতি বেশ পরিচিত। শাকিব খান ও সিয়াম আহমেদের জন্মদিনেও এমন আয়োজন দেখা গেছে। এবার সেই ধারাবাহিকতায় গতকাল ২৪ অক্টোবর নিজের জন্মদিনে নতুন সিনেমা ‘ফারজানা’র ফার্স্ট লুক প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমণি।

প্রকাশিত পোস্টারে একাই দেখা গেছে পরীমণিকে। এতে গ্ল্যামারাস রূপের বদলে সংগ্রামী এক নারীর চরিত্রে হাজির হয়েছেন তিনি। তার মুখে রয়েছে জখমের চিহ্ন, যা চরিত্রটির কঠিন পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। জানা গেছে, সিনেমাটির শুটিং প্রায় শেষ পর্যায়ে। তবে ছবিটি নিয়ে কথা বললেও বিস্তারিত কিছু প্রকাশ করেননি পরীমণি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ছয় মাস আগেই লুক ঠিক করেছি। কাজ করতে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছিল। সিনেমাটির শুটিং চলছে। কিছু কাজ বাকি আছে। বাকি কাজ শেষ করে জানাব।’

‘ফারজানা’ সিনেমাটি নির্মাণ করছেন তারেক রহমান। ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা সুন্দর একটা জার্নি শুরু করতে যাচ্ছি। পরীমনির চরিত্রটি স্ট্রাগলিং একজন নারীর। আশা করি, জার্নিটা সুন্দর হবে। আপনারা নতুন পরীমনিকে আবিষ্কার করবেন।’

তবে সিনেমাটিতে পরীমণির সঙ্গে আর কারা অভিনয় করছেন, সে বিষয়ে এখনো মুখ খোলেননি অভিনেত্রী কিংবা নির্মাতা। ফলে ছবিটির অন্যান্য অভিনয়শিল্পী ও গল্পের বিস্তারিত জানতে দর্শকদের আরও অপেক্ষা করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম