• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

মুক্তিযুদ্ধ কোনো একক গোষ্ঠীর সম্পত্তি নয়: ইশরাক

প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৩০
আপডেট: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ ২:৩০

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধ কোনো একক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয়, বরং এটি আপামর জনগণের—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি ও সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি বলেছেন, অতীতে মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে এর চেতনাকে কলঙ্কিত করা হয়েছে। এখন মুক্তিযুদ্ধের প্রজন্ম সেই কলঙ্ক মুছে দিয়ে দেশকে যেকোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র থেকে রক্ষা করতে রাজপথে থাকবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইশরাক হোসেন এসব কথা বলেন। আগুন, সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে ইশরাক হোসেন আগামী বিজয়ের মাস ডিসেম্বরের ৩০ দিনই রাজপথে এবং এলাকায় এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে বলেন, আমরা রাষ্ট্র পরিচালনার যে দায়িত্ব পেয়েছি তা সাময়িক। আজ আমরা আছি, আরেকটি নির্বাচনের মাধ্যমে আরেক দল আসতে পারে। কিন্তু বিগত ১৭ বছর আমরা যে আন্দোলন-সংগ্রাম করেছি, আমাদের বহু ভাই জীবন দিয়েছেন, গুম ও পঙ্গুত্ব বরণ করেছেন—সেই রাজনীতির মূল চেতনা ভুলে গেলে চলবে না।

বক্তব্যে ইশরাক হোসেন অভিযোগ করেন, ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন।

গত বুধবার সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তিনি দাবি করেন, আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত হয়েছে।

গোপালগঞ্জে হাসপাতালে হামলার ঘটনার নিন্দা জানিয়ে ইশরাক হোসেন বলেন, পৃথিবীর যেসব দেশে যুদ্ধ চলমান রয়েছে, সেখানেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা চালানো হয় না। আন্তর্জাতিক জেনেভা কনভেনশন অনুযায়ী এটি যুদ্ধাপরাধের শামিল। অথচ গোপালগঞ্জে পরিকল্পিতভাবে আগুন দিয়ে হাসপাতাল ধ্বংস করা হয়েছে, যেখানে নিরীহ মানুষ চিকিৎসাধীন ছিলেন।

প্রতিবেশী দেশ ভারতের ভূমিকার সমালোচনা করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের এই সভাপতি বলেন, ভারত দাবি করে তারা বাংলাদেশের বন্ধু হতে চায় এবং ভালো চায়। কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে এবং সীমান্ত এলাকায় অনুপ্রবেশ ও নাশকতার সুযোগ করে দিয়ে তারা এর উল্টোটাই করছে।

হুঁশিয়ারি উচ্চারণ করে ইশরাক হোসেন বলেন, ডিসেম্বরে বা অন্য কোনো সময়ে কোথাও বোমাবাজি, অগ্নিসংযোগ বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে তা কঠোর হস্তে দমন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। দেশকে নিরাপদ রাখতে মুক্তিযুদ্ধের প্রজন্ম অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে

এ সময় তিনি জানান, ইতিমধ্যে সংগঠনের ঢাকা দক্ষিণ শাখার কমিটি দেওয়া হয়েছে এবং খুব শিগগিরই উত্তর ও আশপাশের জেলাগুলোর কমিটিও ঘোষণা করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম