শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদ সচিবালয়ে ১৭১টি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার কার্যক্রম চলছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি পদে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে এবং ১১ থেকে ২০তম গ্রেডের ১৫৫টি পদে সংসদ সচিবালয়ের মাধ্যমে সরাসরি নিয়োগ দেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির দ্বিতীয় সভায় এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় সংসদ সচিবালয়ের জনবল ও নিয়োগ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় সাংগঠনিক সংস্কার কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে দুই থেকে তিনজন পরামর্শক নিয়োগের সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে পরামর্শ নেওয়ারও সুপারিশ করা হয়।
সভায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা ও মোসাম্মৎ শাম্মী আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।












