• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠিতে যা লেখা রয়েছে

প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:১৯
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১:১৯

হাসিনার পাসপোর্ট আবেদনের চিঠিতে যা লেখা রয়েছে
 

ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চান— আর সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে লন্ডনের একদল আইনজীবীর মারফত এ আবেদন জমা দেওয়া হয়।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি চিঠির সূত্রে জানা যায়, ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম দাপ্তরিক যোগাযোগ।

রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতের মুখোমুখি হওয়ার জন্য তিনি দেশে ফিরতে চান। আর তার সহযোগীরা সোমবার জানিয়েছেন, বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ফেরার দিনক্ষণ ঘোষণা করা হবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে। তবে ভারত থেকে তিনি এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্স জানিয়েছে, লন্ডনভিত্তিক ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বারস’-এর আইনজীবীরা দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমাদের মক্কেলের জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি’।

চিঠিতে বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং ‘আন্তর্জাতিক মানবাধিকার কাঠামোর বাধ্যবাধকতা’ অনুযায়ী এ আবেদনগুলো দ্রুত সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম