শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির প্রকাশনা এবং প্রচার-প্রচারণাও রয়েছে। বিষয়টি গণমাধ্যমের বিবেচনায় রাখা উচিত।
সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগের ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে ইয়াসের খান চৌধুরী বলেন, যারা এসব ঘটনা ঘটাচ্ছে, তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। এটি নতুন কোনো বিষয় নয়। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
তিনি বলেন, রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দিয়ে চলে যেতে পারে। কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে। তবে এসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। বাংলাদেশের জনগণ এই বিচার দেখতে চায়।
এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়। এ সময় টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক সংকট, সাংবাদিকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের বিষয়গুলো তুলে ধরেন বিজেসির প্রতিনিধিরা।
জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে। সরকার দায়িত্বশীল সাংবাদিকতা চায়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণ যাতে সঠিক তথ্য পায়, সেটিই সরকারের প্রত্যাশা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে সরকার হস্তক্ষেপ করেনি। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের কোনো প্রশ্ন নেই।
তিনি বলেন, টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানো, ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন এবং প্রয়োজনীয় নীতিমালা সংশোধন নিয়ে প্রতিনিধিদল বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তারা লিখিতভাবে দাবিগুলো মন্ত্রণালয়ে জমা দেবে। সেগুলো পর্যালোচনা করে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
টেলিভিশন চ্যানেলগুলোর আয়ের উৎস বাড়ানোর বিষয়ে প্রতিনিধিদলের প্রস্তাব প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
মতবিনিময় সভায় বিজেসির প্রতিনিধিরা জানান, দেশের টেলিভিশন চ্যানেলগুলো মূলত বিজ্ঞাপননির্ভর। কিন্তু বিজ্ঞাপনের বর্তমান হার দিয়ে অনেক চ্যানেলের পরিচালন ব্যয় নির্বাহের পাশাপাশি সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা দেওয়া কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় কেবল অপারেটরদের কাছ থেকে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়ার প্রস্তাব বাস্তবায়ন করা প্রয়োজন।
তারা আরও জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ ধরনের একটি অন্তর্বর্তী ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সঙ্গে আলোচনা করে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করেছে। এসব সুপারিশের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রতিনিধিদলের সদস্যরা।
এ ছাড়া বার কাউন্সিলের আদলে একটি গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন তারা। তাদের মতে, এ ধরনের কমিশন গঠন করা হলে সংবাদপত্র, টেলিভিশন ও ডিজিটাল গণমাধ্যমের সমস্যাগুলো সমন্বিতভাবে সমাধানের সুযোগ তৈরি হবে।
সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যম মালিকদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। তারা বলেন, সাংবাদিকদের যথাযথ বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা না হলে দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা করা কঠিন হয়ে পড়ে।
এ সময় বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার যে পরিবেশ তৈরি হয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বিজেসির প্রতিনিধিরা।












