শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর মৌলভীবাজারে গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব অভিযোগ করেন তিনি।
পোস্টে নাহিদ ইসলাম বলেন, ফরিদপুরে বাসে আগুন দিয়ে ভেতরে ঘুমিয়ে থাকা নিরীহ চালককে হত্যা করেছে ফ্যাসিস্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদেও আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া ককটেলে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সরকারের দুর্বলতার কারণে আবারও ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বর্বরতার শিকার হচ্ছেন দেশের সাধারণ মানুষ। খুনের নেশায় উন্মত্ত এই সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে বর্তমান সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এমন পরিস্থিতিতেও সরকার নির্বিকার। নিষিদ্ধ গোষ্ঠীটির জঙ্গি কর্মকাণ্ড ঠেকাতে সরকারের কোনো বাহিনীর কার্যকর পদক্ষেপ এখনো দৃশ্যমান নয়। ক্ষমতা গ্রহণের পর থেকেই গণহত্যার বিচার নিয়ে সরকার সর্বোচ্চ উদাসীনতার পরিচয় দিচ্ছে। আওয়ামী সন্ত্রাসী ও জুলাইয়ের চিহ্নিত খুনিদের একের পর এক জামিন দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, সন্ত্রাসী গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা গ্রহণেও সরকার শুরু থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জুলাইয়ের গণহত্যাকারী এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণে সরকার কোনো উদ্যোগ নিতে পারেনি। উল্টো ভারতের মাটি ব্যবহার করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে।
পোস্টের শেষাংশে তিনি বলেন, কোনো সন্ত্রাসী অপশক্তির কাছে বাংলাদেশের মানুষ পরাজিত হবে না। অবিলম্বে সারা দেশের সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।
নোট: হামলা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্যগুলো নাহিদ ইসলামের অভিযোগ ও রাজনৈতিক মন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।












