তিতুমীর কলেজ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
সরকারি তিতুমীর কলেজে দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির সরকারি তিতুমীর কলেজ শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৪টা ৩০মিনিটে কলেজের মূল ফটক থেকে সংগঠনটি মিছিল শুরু করে এবং পরে তা আইসিডিডিআরবিতে গিয়ে শেষ হয়।
এ সময় তারা ছাত্রলীগের ঠিকানা, এই বাংলায় হবে না; বিচার-বিচার-বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই; ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ ইত্যাদি ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে তিতুমীর কলেজ শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি সোহেল রানা জানান, আপনারা দেখতেছেন যে কি পরিমাণ সন্ত্রাসী কর্মকাণ্ড চলমান রয়েছে, আজকে বাসে আগুন দেওয়া, জনগণের দুর্ভোগ তৈরি এবং এদেশের মধ্যে পেট্রোল সহ যত রকমের অবৈধ অস্ত্রপাতি রয়েছে, এসব ব্যবহার করে সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ এদেশের মধ্যে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে বলতে চাই, যারা এসব অপকর্ম করতে চাইবে, তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য ছাত্র শিবির সোচ্চার আছে। এবং আপনারা অবগত আছেন, দীর্ঘ ১৭ বছর এই স্বৈরাচার ইসলামী ছাত্র শিবিরের উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছে, তা আপনারা সকলেই অবগত। এই জুলুম নির্যাতন গুম খুনের রাজনীতি করার পরেও এই স্বৈরাচার এদেশের মধ্যে রাজনীতি করার কোন অধিকার রাখে না।
সরকারের প্রতি আহ্বান রেখে তিনি আরও বলেন, আমরা ইসলামী ছাত্র শিবির, এই সরকারকে আরেকটি আহ্বান জানাতে চাই। আপনারা রাষ্ট্রের মধ্যে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদের অবস্থান আরও শক্ত করুন। আমরা আমাদের জায়গা থেকে সংগ্রাম চালিয়ে যাব, তবে সরকারের ব্যর্থতার পরিচয় আমরা দেখতে চাই না।
ঢাকা মহানগর উত্তরের ক্রীড়া সম্পাদক জাকির হোসেন বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। দেশে দলটির কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আইন প্রণয়নের চেয়ে আইন প্রয়োগে বেশি মনোযোগী হতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।
উল্লেখ্য, গতকাল (৯ নভেম্বর) ভোরে কলেজের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পুনরায় রাত ১০ টায় একই স্থানের ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে দুইজনকে আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাদের বনানী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।












