শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
নগরের আয়তন বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে নিরাপদ ও টেকসই আবাসন গড়ে না ওঠায় দেশে আবাসন সংকট প্রকট আকার ধারণ করেছে। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, দেশের ১৭ লাখ ৫০ হাজার পরিবারের নিজস্ব কোনো ঘরবাড়ি নেই, তারা ভাড়া বাড়িতে বা বিনা ভাড়ায় অন্যের আশ্রয়ে থাকে।
সরকারি নথিপত্রে বস্তির সংজ্ঞা থাকলেও অবৈধ দখলদার বসতির কোনো আলাদা সংজ্ঞা ও পরিসংখ্যান নেই । এ কারণে জমির মালিকানা ও উচ্ছেদ আতঙ্কের প্রকৃত চিত্র অজানা থেকে যাচ্ছে।
এমন প্রেক্ষাপটে ২০৩০ সালের মধ্যে দেশে কমপক্ষে ১ কোটি ৩৫ লাখ নতুন ঘরবাড়ি নির্মাণ প্রয়োজন বলে জানিয়েছে সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ- এইবিআরসি।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স-বিআইপির সম্মেলন কক্ষে গোলটেবিল বৈঠকে তথ্য প্রকাশ করা হয়। বিশ্ব নগর দিবস উপলক্ষে ‘রিজেনারেটিং সিটিজ, হাউজিং অল’ শীর্ষক শ্বেতপত্রে দেশের আবাসন খাতের চিত্র ও উত্তরণের পথ তুলে ধরা হয়েছে এই বৈঠকে। এইবিআরসির নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আবু সাদেক এ শ্বেতপত্র উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিআইপির সাবেক সভাপতি অধ্যাপক ডা. আকতার মাহমুদ, সাধারণ সম্পাদক হলেন পরিকল্পনাবিদ ড. মু. মোসলেহ উদ্দীন হাসানসহ রাজউক, এইবিআরসি সদস্যদের পাশাপাশি নগর পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।
সরকারি তথ্যে বস্তি ও গৃহহীনদের প্রকৃত সংখ্যা আড়াল হওয়ার বিষয়টি শ্বেতপত্রে সমালোচিত হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কেবল পাঁচ বা ততোধিক ঘরের ক্লাস্টারকে বস্তি হিসেবে গণনা করায় ২০২২ সালের শুমারিতে দেশে বস্তিবাসীর সংখ্যা মাত্র ১৭ লাখ ৪০ হাজার দেখানো হয়েছে। অথচ বেসরকারি হিসাবে কেবল ঢাকাতেই বস্তিবাসীর সংখ্যা ৪৪ লাখের বেশি।
ভবন নির্মাণের ক্ষেত্রেও ভয়াবহ অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, জলাভূমি ভরাট করে তৈরি নরম মাটিতে অনুমোদনহীন নকশায় বহুতল ভবন নির্মাণ, নকশার ব্যত্যয় ঘটানো, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অদক্ষ শ্রমিক, দুর্বল তদারকি এবং রক্ষণাবেক্ষণের অভাবে পাকা ভবনগুলোও মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
দেশের বৃহত্তম সরকারি আবাসন কর্মসূচি ‘আশ্রয়ণ’ প্রকল্পের মাধ্যমে ১৯৯৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত ৫ লাখ ৫৫ হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। শ্বেতপত্রে বলা হয়েছে, নিম্নমানের ঢেউটিন ও কাঠ ব্যবহারের কারণে অনেক ঘর ৮ থেকে ১০ বছরের মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
আগামী এক বছরের মধ্যে জরুরি ভিত্তিতে পাঁচটি পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে এইচআরবিসি।
এর মধ্যে রয়েছে- গণপূর্ত অধিদপ্তর ও হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মাধ্যমে ১০টি গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পরীক্ষামূলকভাবে ফেরোসিমেন্ট রেট্রোফিটিং (নিরীক্ষা) করা; সরকারি ভবনের ছাদে হালকা প্রযুক্তির তিনটি আবাসন ইউনিট নির্মাণ: একটি সিটি করপোরেশন এলাকায় স্থানান্তরযোগ্য ঘর ব্যবহার করে বস্তির স্থানিক উন্নয়ন প্রকল্প গ্রহণ।
বিএসটিআই-এর মাধ্যমে ফেরোসিমেন্ট ও নন-ফায়ার্ড ব্লকের জাতীয় মানদণ্ড প্রকাশের পাশাপাশি
২০২৭ সালের মধ্যে জাতীয় আবাসন নীতিমালা হালনাগাদ করার দাবি জানানো হয়েছে। স্বল্প আয়ের মানুষের ঘর মেরামত ও সম্প্রসারণের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার সুপারিশ করেছে এইচবিআরসি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম। বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুর রহমান জোয়ারদার, নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও স্থপতি ড. নবনীতা ইসলাম, হ্যাবিটেট ফর হিউম্যানিটি -এর অ্যাসোসিয়েট ডিরেক্টর আবদুল্লাহ আল হাসান, বাংলাদেশ আরবান ফোরামের উপদেষ্টা মোস্তফা কাইয়ুম খান অনুষ্ঠানে আবাসন সংকট নিয়ে আলোচনা করেন।












