গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডিআইজি বলেন, সোমবার সকাল থেকে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন রয়েছে। আমরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ মিড লেভেলের অনেক কর্মকর্তা এখানে কাজ করছে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলিংসহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ পৌরসভা এবং চারটি উপজেলাতেও নিরাপত্তাব্যবস্থা রয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা দিতে পুলিশ প্রস্তুত রয়েছে।
গতকালের সহিংসতার ঘটনায় মামলা ও গ্রেপ্তারের বিষয়ে ডিআইজি বলেন, ঘটনার তদন্ত ও মামলার কার্যক্রম চলমান রয়েছে। গতকাল থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই ঘটনার সঙ্গে জড়িত। আমরা নিরপরাধ কাউকে গ্রেপ্তার করব না। জনজীবন স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আগামী ১৯ নভেম্বর সারা দেশে লকডাউন কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, যেকোনো কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তাব্যবস্থা নেবে পুলিশ। ওই দিনের সম্ভাব্য ঝুঁকি পর্যালোচনা করে পর্যাপ্ত পুলিশ সদস্য ও কর্মকর্তা মোতায়েন করা হবে। এ ক্ষেত্রে বিজিবিও দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, পুলিশ জনগণের নিরাপত্তায় কাজ করে যাবে। আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রাখবে।এর আগে, গতকাল রবিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।













