
শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ইরানের বিরুদ্ধে নতুন করে যৌথ সামরিক হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে হামলার অনুমোদন দেননি ট্রাম্প।
ইসরাইলের এক নিরাপত্তা সূত্র সিএনএনকে জানায়, নির্বাচনের আগেই ইরানে যৌথ হামলা চালানোর জন্য ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। কিন্তু ট্রাম্প এতে সবুজ সংকেত দেননি।
এর একটি কারণ হিসেবে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়াল জামিরের উদ্বেগের কথা উল্লেখ করেছেন ওই সূত্র। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে জামির জানিয়েছিলেন, এ সময় ইরানে হামলা চালালে ইসরাইলের নির্বাচন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তা পিছিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।
সিএনএনের আরেকটি সূত্রের দাবি, গত সপ্তাহেও ইরানে নতুন হামলার প্রস্তুতি নিচ্ছিল ইসরাইল। এ জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টাও চলছিল। তবে ট্রাম্পসহ জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা ইসরাইলকে আপাতত হামলা স্থগিত রাখতে বলেন। একই সঙ্গে ভবিষ্যতে দুই দেশ যৌথভাবে অভিযান চালাতে পারে বলে ইঙ্গিত দেন তারা।
আ/আ











