• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

চাঁদপুরে বর্জ্য দিলেই মিলছে খাবার ও চারাগাছ

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৫
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ৪:০৫

 

চাঁদপুর প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
চাঁদপুরে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘বর্জ্য জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি নাগরিকদের খাবার ও গাছ দেওয়া হচ্ছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজার বৌ-বাজার সড়কে পৌরসভার ডাস্টবিন সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। বিনিময়ে তাদের মধ্যে খাবার ও গাছ বিতরণ করা হয়।

কর্মসূচিতে ‘ক্লিন চাঁদপুর’-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে নাগরিকদের সচেতন ও সম্পৃক্ত করাই তাদের মূল লক্ষ্য। শহরের বিভিন্ন ড্রেনে নিয়মিত বর্জ্য জমছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জলাবদ্ধতাসহ নানা পরিবেশগত সমস্যা তৈরি করছে।

তিনি বলেন, মানুষ যাতে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে, সে বিষয়ে সচেতনতা তৈরিই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য। খাবার ও গাছ দেওয়া হচ্ছে মানুষকে বর্জ্য নির্দিষ্ট স্থানে জমা দিতে উৎসাহিত করার জন্য। এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর থেকে এ কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় কর্মসূচিটি পরিচালনা করা হবে।

সংগঠন সূত্রে জানা যায়, ‘ক্লিন চাঁদপুর’ শহরের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকাতেও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের সদস্যরা যুক্ত রয়েছেন। বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময়ও সাধারণ মানুষের পাশে দাঁড়ান সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের সদস্যদের মতে, শুধু প্রশাসনিক উদ্যোগে নয়, নাগরিকদের ব্যক্তিগত সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যেই বর্জ্য সংগ্রহের সঙ্গে উৎসাহমূলক উদ্যোগ যুক্ত করে নাগরিক সচেতনতা তৈরির চেষ্টা করছে ‘ক্লিন চাঁদপুর’।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম