শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সংরক্ষিত নারী আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন। তার নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (২ নভেম্বর) উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মঈন উদ্দীন খান তাকে নির্বাচিত ঘোষণা করেন।
তিনি জানান, আইন অনুযায়ী একক প্রার্থী হিসেবে এলিজা জামানকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর আগে তার নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশের অনুমোদন দেয় কমিশন। গেজেট প্রকাশের পর তা শপথ আয়োজনের জন্য জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে।
এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। রাজধানীর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর গত ১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। পরবর্তী সময়ে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
শূন্য আসনে উপ-নির্বাচনের লক্ষ্যে গত ১২ অক্টোবর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনি কার্যক্রম পরিচালিত হয়। এতে বিএনপির প্রার্থী এলিজা জামান একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।
নির্বাচনি আইন অনুযায়ী, কোনো নির্বাচনে একক প্রার্থী থাকলে এবং তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সেই বিধান অনুসরণ করেই এলিজা জামানকে সংসদ সদস্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
গেজেট প্রকাশের মধ্য দিয়ে সংরক্ষিত আসনে তার এমপি নির্বাচিত হওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। এরপর জাতীয় সংসদ সচিবালয় শপথ গ্রহণের আয়োজন করা হবে। জানা গেছে আগামীকাল সংসদে শপথ গ্রহণের মধ্য দিয়ে সংরক্ষিত নারী আসনে তার সংসদীয় কার্যক্রম শুরু হবে।












