জয়পুরহাট প্রতিনিধি
ছবি : সংগৃহীত
জয়পুরহাটে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো হিন্দু ধর্মাবলম্বীদের সূর্যপূজা।
রবিবার (১৫ নভেম্বর) জয়পুরহাট চিনিকলের পুকুরপাড়ে এ পূজার আয়োজন করা হয়।
জানা গেছে, প্রতিবছর কালীপূজার পর ষষ্ঠী তিথিতে সূর্যদেবকে সন্তুষ্ট করতে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায় এ পূজার আয়োজন করে। রোববার সারাদিন উপবাস থেকে বিকেলে ভক্তরা ফুল, প্রসাদ, বাদ্যযন্ত্রসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে বাড়ি থেকে খালি পায়ে হেঁটে পুকুরপাড়ে সমবেত হন। এরপর সূর্যাস্তের আগমুহূর্তে কোমরপানিতে দাঁড়িয়ে হাত জোড় করে সূর্যের দিকে মুখ করে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে প্রদীপ জ্বালিয়ে সূর্যদেবের পূজা করেন। এ সময় ঢাক-ঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে চারপাশ। পূজায় পুকুরপাড়ে শত শত ভক্তের সমাগম ঘটে।
আয়োজকরা জানান, প্রতিবছর জয়পুরহাট সরকারি মহিলা কলেজের পুকুরপাড়ে এ পূজা উদযাপন করা হলেও সেখানে ঘাটের সমস্যা থাকায় এবার চিনিকলের পুকুরপাড়ে এ পূজার আয়োজন করা হয়েছে। প্রথম দিনের পূজা শেষে সোমবার ভোরে সবাই আবারও ওই পুকুরপাড়ে উপস্থিত হবেন। এরপর সূর্যোদয়ের পূর্বমুহূর্ত থেকে একই নিয়মে পূজা শুরু হবে। সূর্যোদয়ের পর সূর্যদেবকে প্রণাম করে স্নান ও শরবত পানের মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘটবে।













