• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

ডিএমপি কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দল

প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ৬:১৪
আপডেট: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩ ৬:১৪

 

নিউজ ডেস্ক
আগামী ১ আগস্ট রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ)।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে জামায়াতের আট সদস্যের একটি প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে এ আবেদন জমা দেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভূইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম খন্দকার, ব্যারিস্টার তারিকুল ইসলাম, অ্যাডভোকেট আজমত হোসাইন, অ্যাডভোকেট তরিকুল ইসলাম, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ।

আবেদনে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ আগস্ট ২০২৩, মঙ্গলবার দুপুর ২টায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা এবং ওলামায়ে কেরামের মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (উত্তর ও দক্ষিণ শাখা)। সমাবেশ কর্মসূচি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয়ে আবেদন জমা দেয়ার পর প্রতিনিধি দলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান উপস্থিত সংবাদকর্মীদের সামনে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, ‘আমরা ১ আগস্ট দুপুর ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের জন্য সহযোগিতা চেয়ে আবেদন জমা দিয়েছি। পুলিশ কমিশনারের কার্যালয়ের উপ-পুলিশ কমিশনার সৈয়দ মামুন মোস্তফা আবেদনপত্রটি গ্রহণ করে আমাদের একটি অনুলিপি দিয়েছেন। পরে তিনি এ বিষয়ের সিদ্ধান্ত আমাদেরকে জানাবেন বলেছেন।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী এদেশে একটি স্বীকৃত গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। রাজধানীতে গত ১০ জুনও আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ সমাবেশ বাস্তবায়ন করেছি। জনগণের অধিকার আদায়ে ভূমিকা পালন করা আমাদের সাংবিধানিক অধিকার। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা প্রত্যাশা করি, যৌক্তিক সময়ের মধ্যেই পুলিশ প্রশাসন সম্মতির বিষয়টি আমাদের অবহিত করে সমাবেশ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করবে।’

১ আগস্টের শান্তিপূর্ণ সমাবেশ সফল করতে ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে ২৫ জুলাই সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ কমিশনার বরাবর ই-মেইলে আবেদন করা হয় এবং একই আবেদন নিয়ে বিকেলে ডিএমপি কার্যালয়ে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল উপস্থিত হয়ে জমা প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম