• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল

প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:১৯
আপডেট: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ১০:১৯

দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব, বাংলাদেশকে যে শর্ত দিলেন আশরাফুল
 

শেষ মাস তিনেকে বাংলাদেশ দল অনেক চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে গেছে। অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছে। স্বপ্নের মতো সেই জয়ের পর মনে হয়েছিল, টেস্ট ক্রিকেটের কঠিন পাঠটা কিছুটা আয়ত্তে এসেছে এবার। কিন্তু ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের পর আবারও প্রশ্ন উঠেছে, কোথায় যাচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট? পরিকল্পনাটা কি ঠিক পথে এগোচ্ছে?

এসব প্রশ্ন যখন উঠছে, ঠিক তখনই দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সামনে দুটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। এ পর্যন্ত একটা ওয়ানডে সিরিজ জেতা গেলেও টেস্ট আর টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা জয়টা এখনও অধরাই রয়ে গেছে। সে অধরাকে ছুঁয়ে দেখার চ্যালেঞ্জ নিয়ে আগামী রোববার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। সদ্য সাবেক ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অভিমত, টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব।

তার বিশ্বাস, বাংলাদেশ অন্তত একটি টেস্ট জিততে পারে। তবে তার জন্য তিনি ঝুলিয়ে দিয়েছেন একটা শর্তও। আশরাফুলের কথায়, ‘সম্প্রতি আমরা অস্ট্রেলিয়ার মাঠে গিয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। দক্ষিণ আফ্রিকা নিঃসন্দেহে এই মুহূর্তে কঠিন প্রতিপক্ষ। প্রত্যেকে নিজের সামর্থ্যের সর্বোচ্চটা দিতে পারলে দুই টেস্টের অন্তত একটিতে দক্ষিণ আফ্রিকাকে হারানো সম্ভব।’

আশরাফুলের এই আশাবাদ কেবল দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নয়। তাকে আশাবাদী করে তুলেছে সবশেষ টেস্টেই হওয়া বাংলাদেশের ইতিহাসের সেরা ইনিংসটা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাওহীদ হৃদয় তার প্রথম সেঞ্চুরিকেই রূপ দিয়েছেন ২৪২-এ।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছরের ইতিহাসে অনেক বড় ইনিংস এসেছে। এসেছে অনেক স্মরণীয় মুহূর্তও। আশরাফুলের নিজেরও সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকার অভিজ্ঞতা আছে।

হৃদয়ের সেই ইনিংস নিয়ে কথা বলতে গিয়ে তিনি ফিরে গেছেন আরও পেছনে। মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের অভিষেক টেস্টে আমিনুল ইসলাম বুলবুলের সেই ১৪৫ রানের ইনিংস। আশরাফুলের কাছে প্রতিটি সেঞ্চুরিরই আলাদা গল্প আছে। তবু হৃদয়ের ২৪২ রানকে তিনি রেখেছেন সবার ওপরে।

তিনি বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ২৬ বছরের ইতিহাসে আমি অনেক অসাধারণ ইনিংস দেখেছি। অভিষেক টেস্টে বুলবুল ভাইয়ের ১৪৫ রানের ইনিংসের কথাই ধরুন। প্রতিটি সেঞ্চুরিরই আলাদা একটা আবহ থাকে। তবে হৃদয়ের ইনিংসটিকেও আমি অন্যতম সেরা বলব।’

কেন এই ইনিংস এত বিশেষ? এর উত্তর খুঁজতে গিয়ে আশরাফুল ফিরে তাকিয়েছেন হৃদয়ের অনুশীলনের দিকে। গত ১১ মাসে অনেক ক্রিকেটারকে কাছ থেকে দেখেছেন তিনি। কিন্তু হৃদয়ের মধ্যে দেখেছেন অন্য রকম কিছু।

আশরাফুলের ভাষায়, ‘এই ১১ মাসে আমি যত খেলোয়াড়কে দেখেছি, অনুশীলনের ধরনে হৃদয়কে সবার থেকে কিছুটা আলাদা মনে হয়েছে। আমার মনে হয়, সেই পরিশ্রমেরই ফল পেয়েছে।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম