শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সাজা ঘোষণার পর আপিলের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির দণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, দণ্ডিত ও পলাতক হওয়ায় শেখ হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনো আইনগত সুযোগ নেই।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, আইন অনুযায়ী কোনো ব্যক্তির দুই বছর বা তার বেশি মেয়াদের সাজা হলে তাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। ফলে দণ্ডিত ও পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাসপোর্ট ইস্যু করার কোনো আইনগত ভিত্তি নেই। একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হলে তা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে তিনি আদালতে হাজির হয়ে বিচার মোকাবিলা করেননি উল্লেখ করে আমিনুল ইসলাম বলেন, রায় ঘোষণার পরও তিনি আপিল করেননি। নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ থাকলেও সেই সময় পার হয়ে গেছে। ফলে এখন তার আর আপিল করার আইনগত সুযোগ নেই।
শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট চেয়ে আবেদন প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামে লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারতে বাংলাদেশের দূতাবাসে চিঠি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন করেছে। বিষয়টিকে পররাষ্ট্রমন্ত্রী যথার্থই হাস্যকর বলেছেন। কারণ, যিনি পাসপোর্ট চেয়েছেন, তিনি নিজে আবেদন করেননি। এমনকি তার দল বা নেতাকর্মীদের পক্ষ থেকেও আবেদন করা হয়নি। আবেদন করেছে একটি বিদেশি আইনজীবী প্রতিষ্ঠান।
শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে আনুষ্ঠানিক কোনো নথি পাওয়ার কথা জানেন না উল্লেখ করে তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক কারণে তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে।
চিফ প্রসিকিউটর আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে তাকে ভারত সরকারের কাছে লিখিতভাবে আবেদন জানাতে হবে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানানোই হবে সঠিক পন্থা। তবে এখন পর্যন্ত তিনি এ ধরনের কোনো লিখিত আবেদন করেছেন বলে তাদের জানা নেই।
শেখ হাসিনার দেশে ফেরার সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, সত্যিকার অর্থে দেশে ফেরার ইচ্ছা থাকলে মামলা চলাকালেই তিনি ফিরে এসে বিচার মোকাবিলা করতেন। রায় ঘোষণার পর নির্ধারিত সময়ের মধ্যে দেশে এসে আপিল করতেন।
শেখ হাসিনাকে উদ্দেশ করে চিফ প্রসিকিউটর বলেন, তিনি আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশ ছেড়ে গেলেও দলের নিরীহ নেতাকর্মীদের দেশে রেখে গেছেন। তাদের কথা বিবেচনা না করে এ ধরনের তৎপরতা চালালে দলগতভাবেও নতুন ভুলের দিকে এগিয়ে যাবেন।
এদিকে ভার্চুয়াল মাধ্যমে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, এখন পর্যন্ত তার নিজের কোনো বক্তব্য তারা পাননি। বিভিন্ন সময়ে সামনে আসা অডিও বক্তব্যগুলো আদৌ শেখ হাসিনার কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।













