• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পিআরের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: নিপুণ রায়

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৩
আপডেট: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:৫৩

 

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ছবি: সংগৃহীত

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের অধিকার নিশ্চিত করে জনগণ ভোট দিয়ে দেশের মালিকানা বুঝে নিবে; কিন্তু ষড়যন্ত্র চলমান, পার্শ্ববর্তী ভারতের ষড়যন্ত্র এবং একই সঙ্গে কিছু রাজনৈতিক দল ভিন্ন বেশে বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে ফ্যাসিবাদের মাধ্যমে এতদিন নির্যাতন করে আসছে। ৫ আগস্টের পর তাদের আবির্ভাব হয়েছে। এই সুবিধাবাদী রাজনৈতিক দল পিআরের নামে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

বুধবার সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সমেষপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনসভায় প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দিয়ে জনগণ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। তবে সে অধিকার নষ্ট করতে পিআরের নামে তারা ষড়যন্ত্র করছে। পিআর কী জিনিস (জনগণ) আপনারা জানেন? বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। এ লড়াই করতে গিয়ে অসংখ্য নেতা খুন, গুম হয়েছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রের মালিক যে জনগণ সেটা সবাই ভুলতে বসেছে। সেবার জন্য একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বণি আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।

এ সময় বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টি অ্যাডভোকেট ইন্দ্রজিত শাহা, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন ভুঁইয়া, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক পৌর আহ্বায়ক হাজী আলতাফ হোসেনসহ দলীয় নেতারা বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম