• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনার

প্রকাশ: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ১:০৭
আপডেট: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২ ১:০৭

 

ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে দেশটির রাষ্ট্রপতি ভবনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান বাংলাদেশের সরকারপ্রধান। তাকে অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে সংবর্ধনা জানানো হয়।

ভারতীয় রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। শেখ হাসিনা হেঁটে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

সেখানে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

জানা গেছে, রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও একান্ত আলোচনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক আলোচনার পর, দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরে একটি প্রেস বিবৃতি জারি করা হবে। পরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন শেখ হাসিনা।

মঙ্গলবার শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখারের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। পরদিন বুধবার (৭ সেপ্টেম্বর) ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী জি কিষান রেড্ডি এবং নোবেল বিজয়ী কৈলাশ সত্যার্থী তার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। পরে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করার কথা রয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সভায় এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় শহীদ বা গুরুতর আহত ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অফিসারদের বংশধরদের ‘মুজিব বৃত্তি’ প্রদানের অনুষ্ঠানে বক্তৃতা করবেন।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরিব নওয়াজ দরগাহ শরিফ, আজমির (আজমির শরিফ দরগাহ) জিয়ারত করবেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম