এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ, দাঙ্গা-হাঙ্গামা ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গত ১০ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। (সিদ্ধিরগঞ্জ থানার মামলা নম্বর ২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় চাষাঢ়াগামী সড়কে একদল লোক নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছে।
পরে রাত ৮টা ৫ মিনিটে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের সামনে ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখে। এ সময় তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করেও কাউকে আটক করা সম্ভব হয়নি।
এজাহারে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থানে যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।













