• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৩:৩৯
আপডেট: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৩:৩৯

 

জনতার আওয়াজ ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। সীমান্তে নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি নেই। আমাদের জনগণ ও সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ২০২৫ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সীমান্তে পুশ-ইন এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা এর প্রতিবাদ করেছি। যেসব বাংলাদেশি ভারতে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে যথাযথ চ্যানেলের মাধ্যমে পাঠাতে ভারতকে বলা হয়েছে। তিনি বলেন, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকরা যারা আমাদের দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে আমরা যেমন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত পাঠাই, ঠিক তেমনিভাবে আমাদের দেশের নাগরিকদের আমরা সে প্রক্রিয়ায় ফেরত নিতে প্রস্তুত। এ বিষয়ে আমাদের বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে যোগাযোগ করছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, গত ঈদুল ফিতর যেমন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, সামনের ঈদে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের উৎপাদন প্রায় ১৫ লাখ টন বেড়েছে। আলুর দামও কম রয়েছে। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে হয়তো কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে সংশ্লিষ্ট সবাই যদি সহযোগিতা করে ও কৃষকদের উৎসাহ দেয়, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে।

এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ও আরএমপি পুলিশ কমিশনার আবু সুফিয়ানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম