• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

পরিকল্পিত গৃহযুদ্ধের দিকে দেশ : এনডিপি

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৪
আপডেট: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ১১:৫৪

পরিকল্পিত গৃহযুদ্ধের দিকে দেশ এনডিপি
 

জাতীয় ঐক্য ছাড়া সংকট উত্তরণের বিকল্প নেই : খোন্দকার গোলাম মোর্তজা ও মঞ্জুর হোসেন ঈসা

নিজস্ব প্রতিবেদক
দেশকে পরিকল্পিত সংঘাত ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে বলে আশঙ্কা প্রকাশ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)। দলটির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা এক যৌথ বিবৃতিতে বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের নীলনকশায় বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এ পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করতে হলে জাতীয় ঐক্য, রাজনৈতিক সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেওয়া বিবৃতিতে এনডিপির নেতৃবৃন্দ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বিভিন্ন উসকানিমূলক বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও বার্তা, রাজনৈতিক প্রতিহিংসা, সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। বিদেশে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে যারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাদের ভূমিকা ও উদ্দেশ্য জনগণের সামনে পরিষ্কার হওয়া প্রয়োজন। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মতপার্থক্যকে কেন্দ্র করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশত্যাগের আগে পরিবারের সদস্যদের বিভিন্ন দেশে নিরাপদ অবস্থানে পাঠানোর বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। তাদের মতে, দেশের রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করে রাষ্ট্র ও জনগণকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার কোনো প্রচেষ্টা থাকলে তা প্রতিহত করতে হবে।
এনডিপির নেতৃবৃন্দ বলেন, প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও জনপ্রতিনিধির বাড়িঘরে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। কোনো ব্যক্তি বা দলের অপরাধের দায় তার পরিবারের সদস্য কিংবা নিরপরাধ মানুষের ওপর চাপিয়ে দেওয়া যায় না। রাজনৈতিক পরিচয়ের কারণে কারও বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত সম্পত্তিতে হামলা সভ্য সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পরিপন্থী। এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের শনাক্তকরণ এবং আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের মানুষ দীর্ঘদিন ধরে গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের প্রত্যাশা করে আসছে। সেই প্রত্যাশাকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। ক্ষমতা, প্রতিশোধ কিংবা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার নোংরা খেলা বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে রেখে জনগণের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির রাজনৈতিক ধৈর্য ও সংযমের প্রশংসা করে এনডিপির নেতৃবৃন্দ বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রতিহিংসার পথ পরিহার করা। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তিসহ সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো উসকানিতে পা না দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে হবে।
আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে এনডিপির নেতৃবৃন্দ বলেন, অতীতের রাজনৈতিক কর্মকাণ্ড ও বর্তমান পরিস্থিতিতে তাদের ভূমিকা নিয়ে জাতির সামনে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। জনগণের স্বার্থ ও রাষ্ট্রের স্থিতিশীলতার প্রশ্নে কোনো রাজনৈতিক দলই জবাবদিহির ঊর্ধ্বে থাকতে পারে না। তবে কোনো দলের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার হতে হবে প্রচলিত আইন ও ন্যায়বিচারের ভিত্তিতে, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে নয়।
এনডিপির পক্ষ থেকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরে বলা হয়—

১. রাজনৈতিক সহিংসতা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সঙ্গে জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।
২. দেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ ও গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে।
৩. মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি উসকানিমূলক বক্তব্য ও সহিংসতা বন্ধে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
৪. ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক বিভাজন সৃষ্টি করে এমন কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।
৫. সংখ্যালঘু সম্প্রদায়, নারী, শিশু, সাধারণ নাগরিক এবং রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বিবৃতিতে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা আরো বলেন, বাংলাদেশ কোনো ব্যক্তি, পরিবার কিংবা নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পত্তি নয়। এ দেশ সব মানুষের, সব নাগরিকের। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, সংঘাত নয়—আমরা চাই শান্তি, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার বাংলাদেশ।
তারা আরও বলেন, জাতীয় ঐক্যই পারে সব ষড়যন্ত্র, অস্থিতিশীলতা ও সহিংসতার রাজনীতি থেকে দেশকে রক্ষা করতে। তাই এখনই সময় বিভেদ ভুলে দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম