• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আইনজীবীদের দ্বৈত পেশা বন্ধে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৩৭
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৩৭

 

আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশার বাইরে চাকরি, ব্যবসা বা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ ধরনের আইনজীবীদের বিষয়ে জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সতর্কবার্তা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এসব নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশার বাইরে চাকরি, ব্যবসা বা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিষয়ে আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চেয়ে গত ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।

আদালতের নির্দেশনার বিষয়ে আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া গণমাধ্যমকে বলেন, উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের পাশাপাশি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে। গণবিজ্ঞপ্তির মাধ্যমে আইনজীবীদের সনদ বা লাইসেন্স সমর্পণ না করে অন্য পেশা বা ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশনা বা সতর্কবার্তা দেওয়া হবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হবে।

এর আগে আইন পেশার সনদ নিয়ে অন্য পেশা বা ব্যবসায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশের ৭০ অনুচ্ছেদ ও আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন রিট আবেদনকারী। ২০২৩ সালের ৩০ জানুয়ারি বার কাউন্সিলের সচিবের কাছে ওই আবেদন জমা দেওয়া হয়।
আবেদনে ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া উল্লেখ করেন, আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা। এ পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব। কিন্তু আইনজীবীদের অনেকে সনদ নিয়েও আইন পেশার পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি ও ঠিকাদারিসহ নানা কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। কেউ আদম ব্যবসা, গাড়ির শোরুম, পরিবহণ, ইট-বালু-সিমেন্টের ব্যবসা, মোবাইলের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের দোকান পরিচালনা করছেন। আবার কেউ কেউ সনদ সমর্পণ না করেই সরকারি-বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ওষুধের ফার্মেসি এবং মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরি করছেন। এসব কর্মকাণ্ড বার কাউন্সিল আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে আবেদনে উল্লেখ করা হয়।

ওই আবেদনে কোনো ফল না পেয়ে গত ১২ আগস্ট বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের আইনি নোটিশ পাঠানো হয়। এরপর ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া।
আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া জানান, রুলে ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম