• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

স্বাস্থ্য

সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? এক ভুলেই হতে পারে বিপদ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৪৩
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ ৩:৪৩

 

জেঁকে বসেছে শীত। তবে আবহাওয়ার মেজাজ বদল ঘটছে মুহূর্তে মুহূর্তে। গত কয়েক দিন মেঘলা আকাশ, বৃষ্টি আর তাপমাত্রার ওঠানামায় বেশ অস্বস্তিতে পড়েছেন অনেকেই। কখনো গরম লাগছে, আবার কখনো ঠান্ডা হাওয়া বইছে। ভোর রাতের দিকে ঠান্ডাও একটু বেশি অনুভূত হচ্ছে। এমন আবহাওয়ায় সর্দি, কাশি, গলা ব্যথা কিংবা হাঁচির সমস্যা দেখা দিচ্ছে অনেকেরই। আর অসুস্থ হলেই অনেকে নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খেতে শুরু করছেন। ভাবছেন ওষুধ খেলেই দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আসলে তা মোটেও ঠিক নয়।

কারণ সর্দি-কাশি হলেই অ্যান্টিবায়োটিক খাওয়া আদৌ ঠিক নয়। সে জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ওষুধ খেলে সুস্থ হওয়ার বদলে বিপদ বাড়তে পারে আপনার অজান্তেই। এমনই সতর্কবার্তা বারবার দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

কারণ শীতের শুরুতে সর্দি-কাশির সমস্যা বেড়ে যেতে পারে। কিন্তু ঠান্ডা আবহাওয়া নিজে ভাইরাস তৈরি করে না। সর্দি হয় বিভিন্ন ভাইরাসের সংক্রমণের কারণে। তাই ঠান্ডা পড়ছে বলে আগে থেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে নেওয়া কিংবা সর্দি হলেই পুরোনো প্রেসক্রিপশনের ওষুধ শুরু করা ঠিক নয়। কোন সংক্রমণ ভাইরাসের কারণে হয়েছে, আর কোথাও ব্যাকটেরিয়ার সংক্রমণ রয়েছে কিনা, তার জন্য চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেওয়া উচিত।

সর্দি, কাশি কিংবা গলাব্যথা হলেই অ্যান্টিবায়োটিক খেতে হবে— এমন কোনো ধরাবাধা নিয়ম নেই। সাধারণত সর্দি ভাইরাসের কারণে হয়। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, ভাইরাসের বিরুদ্ধে নয়। তাই ভাইরাসজনিত সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক খেলে রোগ দ্রুত সেরে যায় না।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী, সাধারণ সর্দি ও ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাসজনিত অসুখে অ্যান্টিবায়োটিক কার্যকর নয়। অকারণে এই ওষুধ খেলে উল্টে পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ ভাইরাসের সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিক খেয়ে লাভ নেই। বরং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উপসর্গের চিকিৎসা করানোই অতীব জরুরি।

সে জন্য অকারণে অ্যান্টিবায়োটিক খেয়ে বিপদ ডেকে আনবেন না। কারণ অ্যান্টিবায়োটিকের অপব্যবহারের অন্যতম বড় বিপদ হলো— অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এককথায় জীবাণুর ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়া। অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে। তখন নির্দিষ্ট ওষুধ আর আগের মতো কাজ করে না। ফলে ভবিষ্যতে সেই ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে চিকিৎসা কঠিন হয়ে পড়তে পারে। অন্য ওষুধ ব্যবহার করতে হতে পারে। চিকিৎসার সময়ও বেড়ে যেতে পারে।

হুর ২০২৫ সালের রিপোর্টে উঠে এসেছে, ২০২৩ সালে বিশ্বজুড়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া প্রতি ছয়টি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের মধ্যে একটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ছিল। অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়। এটি বর্তমানের বড় স্বাস্থ্য সমস্যা। কারণ অ্যান্টিবায়োটিক খেলে পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে। আর অ্যান্টিবায়োটিক প্রয়োজন ছাড়া খেলে বমি বমি ভাব, ডায়ারিয়া, পেটের সমস্যা এবং অ্যালার্জির মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

কিছু ক্ষেত্রে গুরুতর অ্যালার্জিও হতে পারে। কোন অ্যান্টিবায়োটিক প্রয়োজন, কতদিন খেতে হবে, আদৌ ওষুধের দরকার আছে কিনা— এসব চিকিৎসক রোগীর উপসর্গ ও পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাই নিজের ইচ্ছায় ওষুধ শুরু করা, অন্যের প্রেসক্রিপশন অনুসরণ করা কিংবা আগে খাওয়া ওষুধ আবার খেয়ে নেওয়া উচিত নয়।

চলুন জেনে নেওয়া যাক, সর্দি-কাশি হলে কী করবেন—

আপনার সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে প্রথমেই অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন নেই। বরং কয়েকটি বিষয় মাথায় রাখুন— পর্যাপ্ত পারি পান করুন এবং বিশ্রাম নিন। আর চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিলে তার নির্দেশ মেনে কোর্স সম্পূর্ণ করুন। আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো অ্যান্টিবায়োটিক খাবেন না। সেই সঙ্গে পুরোনো প্রেসক্রিপশন দেখে কখনো নিজে থেকে ওষুধ খাওয়া শুরু করবেন না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম