• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪২
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪২

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

আদালত কর্তৃক ‘রং হেডেড’ (অবিবেচক) উপাধি পাওয়া শেখ হাসিনা কী বলছেন, তা নিয়ে সরকারের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, একজন গণহত্যাকারী বাংলাদেশের আইনানুযায়ী দেশে ফেরত আসবে, তার ইচ্ছে মত নয়।

সভায় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান বক্তব্য রাখেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো নতুন ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে নারী-পুরুষ নির্বিশেষে সব সংবাদকর্মীর জন্য ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি নারী সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে সুযোগ সম্প্রসারণেও সরকার উদ্যোগ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।

তথ্যপ্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের পেশাগত অগ্রগতি ও ক্ষমতায়নে সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে। বিএনপি সরকারের নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো মানসিকতা নেই। বরং নারীরা যাতে পেশাগত ক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারেন, সে জন্য সহযোগিতা বাড়ানোর বিষয়ে সরকারের নির্দেশনা রয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বর্তমানে নারীরা দায়িত্ব পালন করছেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালকসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নারীদের উপস্থিতি রয়েছে। তাই নারী হওয়ার কারণে কাউকে চাকরি বা পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়, এমন ধারণার সঙ্গে তিনি একমত নন। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই নিয়োগ ও পদোন্নতি হওয়া উচিত।

নারীদের শিক্ষাগত সাফল্যের উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করছে এবং অনেক ক্ষেত্রে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে। ইংরেজি ভাষার দক্ষতা যাচাইয়ের পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাগত মূল্যায়নেও নারীদের ভালো ফলাফল দেখা যাচ্ছে। ফলে নারী সাংবাদিকদের অবহেলা করার কোনো কারণ নেই। বরং তাদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে গণমাধ্যমে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি করতে হবে।

উইমেন্স জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভায় একটি অফিস ও এককালীন আর্থিক সহায়তার দাবি জানানো হয়।

এ বিষয়ে তথ্যপ্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেই এ ধরনের দাবি রয়েছে। তবে নারী সাংবাদিকদের জন্য প্রেস ক্লাবে নির্দিষ্ট জায়গা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং পৃথক টয়লেটের ব্যবস্থা করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে। এ জন্য ফোরামকে যথাযথভাবে আবেদন করার পরামর্শ দেন তিনি। আবেদন করা হলে এ বিষয়ে সহযোগিতার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন।

নারী সাংবাদিকদের প্রশিক্ষণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি প্রয়োজন। নারী সাংবাদিকদের জন্য আলাদা প্রশিক্ষণ বা স্বল্পমেয়াদি কোর্স চালু করা যায় কি না, সরকার তা বিবেচনা করবে। এক মাস বা দুই মাসের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি করা যেতে পারে।

তিনি বলেন, নারী সাংবাদিকদের শুধু প্রশিক্ষণের সুযোগ দিলেই হবে না, প্রচলিত প্রশিক্ষণ কর্মসূচিতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অন্তত সমমানের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ দিতে হবে, যাতে তারা কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন এবং নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পান।

সাংবাদিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তথ্যপ্রতিমন্ত্রী বলেন, সরকার নতুন ওয়েজবোর্ড নিয়ে কাজ করছে। তবে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো যদি ওয়েজবোর্ডের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে, তাহলে সাংবাদিকদের জন্য সুফল নিশ্চিত করা সম্ভব হবে। এ ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সব সাংবাদিকের ন্যায্য বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, গণমাধ্যমের মালিকপক্ষকে ওয়েজবোর্ডের বিধান অনুসরণ করতে হবে। শুধু ওয়েজবোর্ড প্রণয়ন করলেই হবে না, এর বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় এ বিষয়টি গুরুত্বপূর্ণ।

উইমেন্স জার্নালিস্ট ফোরামের প্রকাশনাকে গণমাধ্যম তালিকাভুক্তির বিষয়েও প্রতিমন্ত্রী ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, ফোরামের প্রকাশনাটি তথ্য অধিদপ্তরের (ডিএফপি) তালিকাভুক্ত করা গেলে সরকারি বিজ্ঞাপন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। তবে এ জন্য প্রচলিত আইন ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিয়ম মেনে তালিকাভুক্তির আবেদন করা হলে সরকারি বিজ্ঞাপন প্রদানের বিষয়টি বিবেচনা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে শক্তিশালী করা, তাদের পেশাগত দক্ষতা বাড়ানো এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকার আন্তরিক। এ জন্য ফোরামের নেতৃবৃন্দকে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ নারী সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, বেতন-ভাতা, প্রশিক্ষণ, সাংগঠনিক অবকাঠামো এবং প্রকাশনার সরকারি তালিকাভুক্তিসহ বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তথ্যপ্রতিমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং প্রস্তাবগুলো বাস্তবায়নের সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে সহযোগিতার আশ্বাস দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম