• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

শিক্ষাঙ্গন

রক্তদাতাদের কাছ থেকে মানবতার জয়গান শেখা যায়: জবি উপাচার্য

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৬
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৪৬

 

‘শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
কোনো রকম চাওয়া-পাওয়া ছাড়াই স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদাতারা। তারা জাতীয় বীর। তারা মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে কোয়ান্টাম আয়োজিত স্বেচ্ছা রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।

নিজের জীবনেও ১০ ব্যাগ রক্ত গ্রহণের আবেগময় স্মৃতিচারণ করে উপাচার্য আরো বলেন, শুধুমাত্র সম্মাননা দিয়ে রক্তদাতাদের সম্মানিত করা যায় না। তাদের সম্মাননা মানুষের অন্তরে জাগ্রত থাকে। স্বেচ্ছা রক্তদাতাদের কাছ থেকে বরং মানবতার জয়গান শেখা যায়।

স্বেচ্ছা রক্তদাতাদের অনুপ্রাণিত করতে প্রধান অতিথি এসময় রক্তদাতাদের হাতে সম্মাননা সনদ, মেডেল ও ক্রেস্ট তুলে দেন।

রক্তদানের মতো কোয়ান্টাম ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অসংখ্য মানুষকে যুক্ত করেছে উল্লেখ করে অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, কোয়ান্টাম মানুষের আত্মিক পরিচর্যা ও আত্মপরিচয় সৃষ্টির অনন্য উদাহরণ।

অনুষ্ঠানে আলোচকরা জানান, কোয়ান্টাম ল্যাবে মোট নারী রক্তদাতার সংখ্যা ৫৫০৬০ জন। এর মধ্যে লাইফ লং ডোনার ৬০৪৯ জন, সিলভার ডোনার ১০৭২ জন, গোল্ডেন ডোনার ১৮২ জন এবং প্লাটিলেট ডোনারের সংখ্যা ৫ জন।

জানা যায়, সাড়ে পাঁচ লক্ষাধিক ডোনার পুলের কোয়ান্টাম ল্যাব ২০০০ সাল থেকে শুরু করে অক্টোবর ২০২৬ পর্যন্ত ১৮ লক্ষাধিক মুমূর্ষের জীবন বাঁচাতে রক্ত ও রক্ত উপাদান দিয়ে সহায়তা করতে পেরেছে। এর মধ্যে ৫০ বা তার চেয়ে বেশি বারের প্লাটিনাম দাতার সংখ্যা ২০১ জন, ২৫ থেকে ৪৯ বারের গোল্ডেন ডোনারের সংখ্যা ৩১৭৪ জন, সিলভার ডোনার যারা ১০ থেকে ২৪ বার দিয়েছেন এমন সংখ্যা ১৩ হাজার ১৫৮ জন এবং কমপক্ষে ৩ বারের লাইফ লং ডোনারের সংখ্যা রয়েছে ৫৯ হাজারেরও বেশি।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদানের অনুভূতি উপস্থাপন করেন ৫০ বারের নারী প্লাটিনাম রক্তদাতা সৈয়দা রাবেয়া বসরী মুনমুন। এছাড়াও থ্যালাসেমিয়ায় আক্রান্ত নিয়মিত রক্তগ্রহীতা মেহেদী হাসান ও হিমোফিলিয়ায় আক্রান্ত আব্দুল্লাহ এসময় তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। স্বাগত বক্তব্য প্রদান করেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক এম. রেজাউল হাসান।

অনুষ্ঠানে কোয়ান্টাম ল্যাবের পক্ষ থেকে সকল স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানান আলোচকরা।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম