• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

কারিগরি ত্রুটিতে প্রায় ৫ ঘণ্টা বিলম্ব, ঢাকার পথে প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১১:২৭
আপডেট: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১১:২৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে কারিগরি ত্রুটির কারণে প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর জাপানের টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রকৌশলীরা উড়োজাহাজের কারিগরি ত্রুটি মেরামত করার পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় উড়োজাহাজটির টোকিও ছাড়ার কথা ছিল। তবে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে এটি উড্ডয়নের জন্য রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার পর থেমে যায়। প্রায় ১৫ মিনিট পর ক্যাপ্টেন মো. ইমামুল ইসলাম ঘোষণা দেন, কারিগরি সমস্যার কারণে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারছে না।

ওই উড়োজাহাজে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী দলের অন্য সদস্যরা ছিলেন।

পরে উড়োজাহাজটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়। দুই প্রকৌশলী ত্রুটি মেরামতের কাজ শুরু করলে নিরাপত্তার স্বার্থে সব যাত্রীকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।

স্থানীয় সময় রাত ৮টার দিকে ক্যাপ্টেন জানান, সমস্যাটি মেরামত করতে আরও আড়াই ঘণ্টা লাগতে পারে। পরে রাত ৯টা ৫০ মিনিটের দিকে তিনি জানান, কারিগরি ত্রুটি সারানো হয়েছে এবং শিগগিরই যাত্রীদের আবার উড়োজাহাজে ওঠার প্রক্রিয়া শুরু হবে।

ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটের দিকে টোকিও বিমানবন্দরে তিনি বলেন, উড়োজাহাজে কারিগরি ত্রুটির কারণে এ বিলম্ব হয়েছে। তবে সমস্যাটি পুরোপুরি সমাধান করা হয়েছে।

এ সময় উড়োজাহাজটি উড্ডয়নের জন্য নিরাপদ বলেও জানান মন্ত্রী।

এর আগে, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

পাশাপাশি জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম