শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
সর্বোচ্চ পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পার্বত্য জেলা খাগড়াছড়ি রিজিয়নে বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শনের সময় সেনা সদস্যদের ওই নির্দেশনা দেন। দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সেনাপ্রধান খাগড়াছড়ি রিজিয়নে যান বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানিয়েছে, সেনাক্যাম্প পরিদর্শনের সময় সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
এ সময় তিনি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রশংসা করেন। পাশাপাশি, তিনি সবাইকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা দেন।
আইএসপিআর জানিয়েছে, পরিদর্শনের সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া, সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।












