• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ডা. এরশাদ

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৫
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১১:৫৫

 

কিশোরগঞ্জ প্রতিনিধি
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছেন ড. এরশাদ আহসান সোহেল। আওয়ামী লীগবিরোধী এক প্রতিবাদ সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন এবং মনোনয়ন পেলে করিমগঞ্জ ও তাড়াইলবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার করেন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে করিমগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত এ সমাবেশ থেকে তিনি নিজের প্রার্থিতা ঘোষণা করেন। এতে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার হাজারো মানুষ অংশ নেন।

ড. এরশাদ আহসান সোহেল বলেন, একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করার স্বপ্ন দেখেন তিনি। পাশাপাশি রাজনীতিবিদ হিসেবে সংসদ সদস্য হয়ে এলাকার মানুষের আরও বেশি সেবা করতে চান। এ লক্ষ্যেই ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছিলেন। পরবর্তী সময়েও নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা করেছেন। তবে সে সময় দলের সাবেক সংসদ সদস্য ড. ওসমান ফারুকের পক্ষে কাজ করেছেন।

তিনি বলেন, শারীরিক অসুস্থতার কারণে ড. ওসমান ফারুক সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাড়ানোয় আসনটি শূন্য হয়েছে। এ অবস্থায় করিমগঞ্জ-তাড়াইলের মানুষের সামনে নিজের প্রার্থিতা ঘোষণা করছেন তিনি।

ড. ওসমান ফারুককে এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা উল্লেখ করে এরশাদ আহসান সোহেল বলেন, এলাকার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন স্থানে তার উন্নয়নের ছোঁয়া রয়েছে। তার অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়া এবং এলাকার উন্নয়নে সৎ, যোগ্য, শিক্ষিত ও সর্বজন গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন। নিজেকে সেই দায়িত্ব পালনের যোগ্য মনে করেন তিনি।

বিএনপির আদর্শের একনিষ্ঠ কর্মী দাবি করে ড. এরশাদ আহসান সোহেল বলেন, তিনি বিশ্বাস করেন, দল তাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবেন।

বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মেট্রোরেল-সংক্রান্ত একটি মামলায় তাকে ১১ নম্বর আসামি করা হয়েছিল। ওই সময় জামিন পেতে তাকে হাইকোর্টে যেতে হয়েছে। নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি বলে দাবি করেন তিনি।

শেষে তিনি বলেন, দল তাকে মনোনয়ন দিক বা না দিক, নির্বাচিত হোন বা না হোন, সব সময় করিমগঞ্জ ও তাড়াইলের মানুষের পাশে থাকবেন এবং তাদের সেবা করে যাবেন।

এর আগে মাইক্রোবাস, মোটরসাইকেল ও অটোরিকশার বহর নিয়ে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেন তিনি।

উল্লেখ্য, সংসদ সদস্য ড. ওসমান ফারুকের পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করে গত ২৫ নভেম্বর উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী, ২০২৭ সালের ১০ জানুয়ারি এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম