শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
শুধু প্রশাসনেই নয়, গণমাধ্যমেও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী সংবাদকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির মহাসচিব বলেন, ‘গণমাধ্যমে তারা দেশের ইতিবাচক কর্মকাণ্ডগুলো যথাযথভাবে তুলে না ধরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালানোর চেষ্টায় লিপ্ত রয়েছে।’
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘সন্ত্রাস ও রক্তপাতের মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্য এবং গণতন্ত্র ও মানবাধিকারের নীতিমালা অনুসরণ করে পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করছে। কিন্তু সরকারের এই জনকল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে সেভাবে প্রচার পাচ্ছে না। শুধু প্রশাসনে নয়, গণমাধ্যমেও অনেক দোসর বসে থেকে জনদৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিভ্রান্তি তৈরি করছে।’
তবে বিগত সরকারের আমলে নির্যাতন-নিপীড়ন ও আত্মগোপনে থাকার সময়েও যেসব সাংবাদিক বিএনপির বক্তব্য তুলে ধরেছিলেন, তাদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান রুহুল কবির রিজভী।
পোশাক খাতের শ্রমিক আন্দোলন ও দেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়া সংক্রান্ত সাম্প্রতিক আলোচনাকে ‘পরিকল্পিত অপপ্রচার’ হিসেবে আখ্যায়িত করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শ্রমিক আন্দোলনে আমাদের এক্সপোর্ট অন্য দেশে চলে যাচ্ছে এর তথ্য কোথায়? সরকার খুব দ্রুতগতিতে বিষয়টি সমাধান করেছে। শ্রমিকদের সঙ্গে বসে তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এরপরও ব্যবসা-বাণিজ্য সব উঠে গেল বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত প্রচার।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা পালিয়ে যাওয়ার পরও দেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া এবং হত্যার রাজনীতি থেকে সরে আসেনি।
তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী (ছাত্রদল কর্মী), ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো এসব অস্থিতিশীলতার পেছনে ইন্ধন জোগাচ্ছে, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও উঠে এসেছে। প্রতিদিন হত্যা ও রক্তপাতের মাধ্যমে দেশকে অস্থিতিশীল হিসেবে আন্তর্জাতিক বিশ্বের কাছে চিহ্নিত করার চেষ্টা চলছে।’
মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ওই দিন বেলা দুইটায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে। দলের নেতা-কর্মীরা দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হবেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশের নামকরণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত (মিসকোট) হয়েছে উল্লেখ করে রিজভী জানান, এটি হবে বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ। ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন।
এছাড়া, খাদ্যমন্ত্রী আফরোজা খানন রিতা এমপি, সড়ক যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম রবি এমপি, রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব এমপি, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এসএম জাহাঙ্গীর এমপি, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, ঢাকা-৬ আসনে সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলিসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।












