গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের লকডাউন কর্মসূচির সমর্থনে বের হওয়া বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপির তিনটি দলীয় কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিক্ষোভ মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদারের বাসভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এ সময় তার বাড়ি থেকে ১০ ভরি স্বর্ণ, ৩০ ভরি রুপা এবং নগদ ১০ লাখ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ ছাড়া কোটালীপাড়া পৌর জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মান্নান শেখের বাড়িতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। একই ঘটনায় সাদুল্লাপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা মিয়ার বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলীয় নেতারা।
কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার বলেন, গত ১৯ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিক্ষোভ মিছিল থেকে আমার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এ সময় ১০ ভরি স্বর্ণ, ৩০ ভরি রুপা ও নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনার পর থেকে আতঙ্কে এলাকায় থাকতে পারছি না। বিষয়টি কোটালীপাড়া থানা পুলিশকে জানিয়েছি। শিগগিরই লিখিত অভিযোগ দায়ের করব।
তিনি বলেন, কোটালীপাড়া উপজেলায় তিনটি বিএনপি কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং সাদুল্লাপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি রাজা মিয়ার বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে।
কোটালীপাড়া পৌর যুবদলের সদস্য সচিব মান্নান শেখ বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি। বর্তমানে আতঙ্কের কারণে এলাকায় অবস্থান করছি না।
কোটালীপাড়া থানার ওসি নয়ন বলেন, আমি ভাঙচুরের কথা শুনেছি। অভিযোগ দিলে সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।













