শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তরুণদের চাকরি খুঁজে বছরের পর বছর পার করা বুদ্ধিমানের কাজ নয়। বরং এসএমই উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করা প্রয়োজন। এরই মধ্যে ‘এসএমই সৃষ্টি’ নামে বিশেষ কর্মসূচি নিয়েছে সরকার। আগামী চার বছরে প্রতিটি জেলায় ১০০ জন করে উদ্যোক্তা তৈরি করা হবে। তাদের প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা দূর করতে কাজ করছে সরকার।
রবিবার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।
প্রধানমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে রূপান্তরের প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলেই হবে না। একে রফতানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।
তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের পরিচয় তৈরি করেছে। অন্যান্য সম্ভাবনাময় খাতেও উদ্যোক্তাদের অবদান বাড়ানোর সময় চলে এসেছে।
তিনি আরও বলেন, ইতালির একেকটি অঞ্চল একেক পণ্যের জন্য বিখ্যাত। এভাবে ইন্ড্রাস্টিয়াল ক্লাস্টার দেশটিকে শিল্পোন্নত করেছে। তার অধিকাংশই ক্ষুদ্র শিল্প।
সরকার প্রধান বলেন, বিদেশে এরকম পণ্যমেলার আয়োজন করতে চাই, যেখানে আমাদের দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেবেন। ইন্টারন্যাশনাল বিজনেস ভেন্যুতে পার্টিসিপেট করতে চাই।
আগামী পাঁচ বছরের মধ্যে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং ই-কমার্স আধুনিকায়ন প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশাসনিক জটিলতা ও দীর্ঘসূত্রিতা দূর করতে কাজ করছে সরকার, জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এসএমই উৎপাদন ও মার্কেটিং দেশের পাশাপাশি অন্য দেশেও বাজার তৈরি করতে পারবে বলে সরকার আশাবাদী।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন– অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান।










