• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার

প্রকাশ: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:২৪
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:২৪

চলমান অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) জরিপ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনের অস্থিতিশীল পরিস্থিতি ও নানা প্রতিবন্ধকতার কারণে ৩১৭টি কারখানায় উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমান)।

জরিপের উল্লেখযোগ্য তথ্যগুলো নিচে তুলে ধরা হলো:

উৎপাদন ব্যাহত ও ৪২৮ মিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি

জরিপে এখন পর্যন্ত ৩১৭টি কারখানা তাদের তথ্য প্রদান করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতির কারণে এসব কারখানা সর্বনিম্ন ১ দিন থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে। শুধু এই ৩১৭টি কারখানারই উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার (এফওবি মূল্যমান)।

অর্ডার বাতিল ও এয়ার শিপমেন্টের বাড়তি চাপ

৪২৮ মিলিয়ন ডলারের সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়, এমনকি সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

অন্য দেশে সরে গেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার

অস্থিতিশীলতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। জরিপে অংশগ্রহণকারী কারখানাগুলো জানিয়েছে, ক্রেতারা ইতিমধ্যে তাদের নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

প্রকৃত ক্ষতির ভয়াবহতা আরও ব্যাপক

বিজিএমইএ মনে করে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র মাত্র। বিজিএমইএর হিসাবে, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এরও বেশি। অথচ স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। তদুপরি, জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ এখনো চলমান রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়েও বেশি।

ভাবমূর্তি সংকট ও বিজিএমইএর আহ্বান

কেবল তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। এর চেয়েও বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ওপর। এর স্পষ্ট প্রতিফলন দেখা যাচ্ছে ইতোমধ্যে অন্য দেশে ব্যাপকভাবে অর্ডার সরে যাওয়ার মধ্য দিয়ে।

দেশের অর্থনীতি ও লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে উদ্ভূত এই সংকটময় পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ জরুরি। শিল্পের চাকা সচল রাখতে এবং এই বিপর্যয় কাটিয়ে উঠতে বিজিএমইএ সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সর্বোচ্চ দায়িত্বশীল আচরণ ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম