• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পুলিশের আরও ২ ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:২৯
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৫:২৯

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন— ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। পরে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে এবং পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায় এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

বুধবার গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাকিবুল বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ডিআইজি (পার্বত্য জেলা) রাঙ্গামাটি এপিবিএনে সংযুক্ত রয়েছেন।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গাজীপুরের ওই প্রশিক্ষণকেন্দ্রে কর্মরত ছিলেন।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এডিসি রাকিবুল কারাগারে: এদিকে রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় এডিসি মো. রাকিবুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাকিবুল বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার ডিআইজি (পার্বত্য জেলা) রাঙ্গামাটি এপিবিএনে সংযুক্ত রয়েছেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রোকনুজ্জামান বলেন, আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না। সিএমএম আদালতের হাজতখানায় নেয়া হলেও তাকে এজলাসে ওঠানো হয়নি।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের খিলগাঁও জোনাল টিমের উপ-পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, রাকিবুল হাসান স্বপদে স্ব-প্রণোদিত হয়ে রাজনৈতিকভাবে বিরোধী পক্ষকে দমনে বিগত ফ্যাসিস্ট সরকারকে নানাভাবে সহযোগিতা করেছেন। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরবর্তী সময়ে তার রিমান্ড আবেদন করা হবে। এমতাবস্থায় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনে বলা হয়, ডিবি পুলিশের লালবাগ শাখার উপ-পুলিশ কমিশনারের (ডিসি) নেতৃত্বে একটি দল বুধবার (২৫শে নভেম্বর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম জেলা কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে। পরে ওই দিনই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকায় আনা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ই ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ই ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে কার্যালয়ে ভাঙচুর চালায়। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপরও হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩০শে সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

কারাগারের সামনে থেকে তুলে নেয়া হয় জনিকে: রাজধানীর খিলগাঁও থানা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন নুরুজ্জামান জনি। ২০১৫ সালের ১৯শে জানুয়ারি ছোট ভাইকে দেখতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়েছিলেন। তার পরিবারের অভিযোগ, কারাগারের সামনে থেকে জনি ও ছাত্রদল নেতা মহিউদ্দিনকে তুলে নিয়ে যায় পুলিশ। পরদিন ভোরে খিলগাঁও খেলার মাঠে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা সাজিয়ে জনিকে গুলি করে হত্যা করা হয়। সে সময় ডিবি দাবি করেছিল, ‘বন্দুকযুদ্ধে’ জনি নিহত হয়েছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম