শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
ডিসেম্বরকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি ও প্রত্যাবর্তনের ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে দেশের রাজনৈতিক অঙ্গন। রাজনৈতিক অস্থিরতা, সহিংসতার শঙ্কা এবং সাধারণ মানুষের নিরাপত্তা—সব মিলিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকারের সামনে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ।
বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি মোকাবিলায় শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোই যথেষ্ট নয় প্রয়োজন সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান, কার্যকর নিরাপত্তা কৌশল এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগ। তবে সরকারের রাজনৈতিক ও অর্থনৈতিক নীতির বিষয়ে স্পষ্ট অবস্থান না থাকলে সংকট মোকাবিলায় কার্যকর নেতৃত্ব দেওয়া কঠিন হতে পারে।
গত কয়েক দিনের ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ, ভাঙচুর এবং বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় দেশের জননিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে।
বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাতে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে ক্ষমতাসীন বিএনপিকে।
গত কয়েক দিনে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও তাণ্ডবের ঘটনা ঘটেছে। গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যদের বাড়ি এবং মুকসুদপুর ও কোটালীপাড়া থানায় অগ্নিসংযোগ, দোকানপাট ভাঙচুর ও বাজার লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। নড়াইলে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দুই বিএনপি নেতা নিহত হয়েছেন। চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গ্রামীণ ব্যাংকের একাধিক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় বাস-ট্রাক পোড়ানো, রেললাইনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পুলিশ বহু ব্যক্তিকে আটক করেছে।
রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. দিলারা চৌধুরী মনে করেন, বিএনপি সরকার আসলে কোন পথে এগোতে চায়, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। সরকারের নীতিগত অবস্থানের অস্পষ্টতা রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকেও কঠিন করে তুলছে।
ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো, বিএনপি সরকার কী করতে চায়, কোনো ব্যাপারেই সুনির্দিষ্ট ধারণা নেই। তাদের অর্থনৈতিক পলিসি কী হবে, এসব বিষয়েও কখনো ক্লিয়ার করে না। সুতরাং এখানে বক্তব্য রাখা খুব মুশকিল।’
তিনি আরও বলেন, ‘বিএনপি তাদের সিদ্ধান্তে এক্সাক্টলি কী চায়, এসব ইস্যুতে তা স্পষ্ট করে না। সুতরাং কোন পরিস্থিতিতে কী করা উচিত, সেটি বলা সম্ভব নয়।’
ডিসেম্বরে বিএনপির কর্মসূচি
ডিসেম্বরে জাতীয় ও দলীয় চারটি দিবস ঘিরে ব্যাপক কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। এর মধ্যে একটি ১৪ ডিসেম্বর জাতীয় বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী। এসব দিবস যথাযথভাবে পালনের জন্য বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে। পাশাপাশি, এ মাসে দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের কর্মসূচি নেওয়া হবে। এ ছাড়া দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বর দিবসটি দলের পক্ষ থেকে সম্মিলিতভাবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন ঢাকা পোস্টকে বলেন, বিজয়ের মাসে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথ দখলে রাখা হবে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা, সন্ত্রাস ও নৈরাজ্যে কোনো ধরনের অরাজকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দেওয়া হবে না।
তিনি বলেন, আসন্ন ডিসেম্বরকে ঘিরে পলাতক শেখ হাসিনা ও তার নেতারা দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন। বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া এবং পটকা ফাটিয়ে জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চলছে। এসব অপচেষ্টা কঠোর হাতে মোকাবিলা করা হবে। বিএনপির শক্তির মূল উৎস জনগণ। জনগণ পাশে থাকলে কোনো অপশক্তি সফল হতে পারবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো অপশক্তি ও অপচেষ্টার দাঁতভাঙা জবাব দিতে বিএনপি প্রস্তুত আছে বলেও দাবি করেন তিনি।
কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী
লালমনিরহাট সদর উপজেলায় বৃহস্পতিবার দুপুরে বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে বিএনপির একাধিক জ্যেষ্ঠ ও দায়িত্বশীল নেতা জানান, বর্তমান পরিস্থিতিতে বিএনপি সরকারের সামনে কেবল রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচি মোকাবিলা নয়, বরং রাষ্ট্রের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করার দায়িত্বও রয়েছে।
‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামবে’, এসপির মোবাইল ফোনে ছিল এমন বার্তা
তারা বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার পাশাপাশি প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং সহিংসতার সম্ভাব্য নেটওয়ার্ক চিহ্নিত করা জরুরি। একই সঙ্গে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার মাধ্যমে আইনের শাসনের প্রতি জনগণের আস্থা প্রতিষ্ঠা করতে হবে।
জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ঢাকা পোস্টকে বলেন, আইনশৃঙ্খলা ভালো থাকুক এটা প্রত্যেকটি দেশের মানুষই চায়। সে ব্যাপারে সরকার কঠোর হওয়া ছাড়া মানুষকে নিরাপত্তা দেওয়া কঠিন। সরকার যদি একটু কঠোর হয়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে।
ডিসেম্বরকে ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা রাজনৈতিকভাবে বিএনপির জন্য কোনো ধরনের হুমকি বা থ্রেট কি না, জানতে চাইলে তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশে নেই। তাদের নেত্রীও নেই, নেতাকর্মীও নেই। বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটছে, এসব বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার যদি কঠোর হয়, তাহলে বিএনপির আর কোনো রাজনৈতিক পদক্ষেপ লাগবে বলে আমার মনে হয় না।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ঢাকা পোস্টকে বলেন, ‘প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা বৈঠকে বসেছিলেন এবং সংসদীয় কমিটির বৈঠকও হয়েছে। আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী কী বলেছেন। তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। ২৪-এর আন্দোলনে যেভাবে গণআন্দোলন হয়েছিল, ঠিক সেভাবেই জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এসব অপচেষ্টা প্রতিহত করব।’
অন্যদিকে, বিশিষ্ট অর্থনীতিবিদ, শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহর বিশ্লেষণেও গুরুত্ব পেয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের চেষ্টা, সহিংসতার আশঙ্কা এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা।
তিনি বলেন, ‘এক নম্বর কথা হলো, আওয়ামী লীগকে ২৪-এর গণঅভ্যুত্থানে দেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের নেতৃত্ব দেশ থেকে পালিয়ে গেছে। এখন তারা যেকোনোভাবে প্রত্যাবর্তনের কৌশল গ্রহণ করেছে। এজন্য তারা নানা কর্মকাণ্ড, বিশেষ করে সহিংস কর্মকাণ্ড করে জানান দিতে চাচ্ছে যে তারা এখনো আছে। তাদের এই পথে সফল হওয়ার সম্ভাবনা আমি দেখি না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মাহবুব উল্লাহ বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সরকারকে যা করা দরকার, সেটা করতে হবে। মানুষের নিরাপত্তার জন্য যা করা উচিত, সেটা করতে হবে, যাতে মানুষ তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘এমনিতে তাদের এই হুমকির খুব গুরুত্ব ছিল না, যদি না এর সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ যুক্ত থাকত। সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় ঐক্য তৈরি করার জন্য সরকারকে এবং অন্যান্যদের আন্তরিকভাবে চেষ্টা করতে হবে।’












