কুমিল্লা প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে র্যালি-পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘৭ নভেম্বরের এই দিনে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল একটি সত্যিকারের স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষা ও স্বাধীনতার চেতনার সঙ্গে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম গভীরভাবে জড়িয়ে আছে। বাঙালি জাতি যত দিন বেঁচে থাকবে, তত দিন শহিদ জিয়াউর রহমানকে স্মরণ করবে।
পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বক্তব্যে মন্ত্রী আমিন উর রশিদ আরও বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক। তিনি দেশ ও দেশের মানুষের কল্যাণ চাইতেন। সত্যিকার অর্থে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করতেন। এ কারণেই বাংলাদেশের মানুষ বারবার শহিদ জিয়ার দল- বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।’
বিএনপিকে ক্ষমতায় রাখতে হলে শহিদ জিয়ার আদর্শ ধারণ করতে হবে মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা স্লোগান দেই-‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে।’ যারা এই স্লোগান দেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনাদের চলন-বলন, কথাবার্তা ও দেশপ্রেমে শহিদ জিয়ার আদর্শের প্রতিফলন থাকতে হবে। ঘরে ঘরে যদি সত্যিই শহিদ জিয়ার আদর্শ ধারণ করা হয়, তাহলেই এই স্লোগান সার্থক হবে। অন্যথায় শুধু স্লোগান দিয়ে তার আদর্শের অনুসারী হওয়া যাবে না। দেশের কল্যাণ এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রত্যাশায় জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের সেই প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
র্যালি ও সমাবেশে আরও বক্তব্য রাখেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এমপি, কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।













