• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

নতুন দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নিপুণ

প্রকাশ: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৩৪
আপডেট: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৪:৩৪

 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। সিনেমায় যেমন ব্যস্ত তিনি একইভাবে সক্রিয় চলচ্চিত্র শিল্পীদের স্বার্থরক্ষার সংগঠন শিল্পী সমিতির নেতৃত্বেও। শিল্পীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সময়ের সঙ্গে সঙ্গে। একজন ব্যবসায়ী হিসেবেও সফল তিনি।

এসবের বাইরে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সক্রিয় তিনি। ফ্যান-ফলোয়ারদের সঙ্গে নিয়মিত রাখেন যোগাযোগ। বহুমুখী প্রতিভার এই অভিনেত্রী এবার নতুন দায়িত্ব নিতে চলেছেন। তিনি কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) সঙ্গে যুক্ত হচ্ছেন শুভেচ্ছাদূত হিসেবে। কানাডা ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে ৭ ফেব্রুয়ারি হোটেল শেরাটনে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়ে গেল সিবিসিসিআই আয়োজিত ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’- এর উদ্বোধনী অনুষ্ঠান। চলতি বছরের ৬-৮ অক্টোবর কানাডার টরন্টোয় হতে যাচ্ছে এ বাণিজ্য উৎসব। সেই উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ।

বিষয়টি নিশ্চিত করে নিপুণ বলেন, ‘এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব। আমি চেষ্টা করব আন্তরিকতা নিয়ে কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্ব পালন করতে।’

তিনি জানান, আজ (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত হোটেলে সিবিসিসিআইয়ের আয়োজনে একটি সংবাদ সম্মেলন হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত জানাবেন সংস্থাটির কর্তৃপক্ষ।

এদিকে নিপুণ সম্প্রতি বেশ কিছু নতুন কাজে যুক্ত হয়েছেন। তার অন্যতম ‘ভাষার জন্য মমতাজ’ নামের সিনেমা। ভাষা আন্দোলনের নির্যাতিত, ত্যাগী ও নিগৃহীত নারী ভাষাসৈনিকের নাম মমতাজ বেগম। বাংলাকে রাষ্ট্রভাষা করার সংগ্রামে তিনি তিলে তিলে নিজেকে উৎসর্গ করেছেন। ভাষা আন্দোলনে অংশগ্রহণের কারণে স্বামী-সংসার হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, নানানরকম কুৎসা ও গঞ্জনা সহ্য করেছেন। নিজের জীবন, সংসার বিপন্ন করেছেন কিন্তু ভাষা আন্দোলনের প্রশ্নে কখনও আপস করেননি। ভাষা আন্দোলনের আত্মত্যাগী এই নারীকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ভাষার জন্য মমতাজ। এতে মমতাজের ভূমিকায় অভিনয় করবেন নিপুণ আক্তার। সিনেমাটি পরিচালনা করবেন সারোয়ার তামিজউদ্দিন।

নতুন সিনেমায় যুক্ত হওয়ার খবরটি নিশ্চিত করে নিপুণ বলেন, ‘এ চলচ্চিত্রটিতে ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগমের ভূমিকায় দেখা যাবে আমাকে। এখানে মমতাজ বেগমের স্বামী ফরিদপুরের মান্নাফের ভূমিকায় আছেন গাজী আব্দুন নূর। আশা করি খুব ভালো একটি সিনেমা উপহার দিতে পারব আমরা।’

সরকারি অনুদানে নির্মিতব্য এ সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করবেন কাজী হায়াৎ, মুনমুন আহমেদ, সুব্রত, কাওছার চৌধুরী প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম