• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

বেনাপোলে বিএনপির মশাল মিছিল, স্লোগানে মুখর রাজপথ

প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:৫২
আপডেট: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৪:৫২

 

বেনাপোল প্রতিনিধি
ছবি : প্রতিনিধি

যশোরের বেনাপোলে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে বেনাপোলের রাজপথ।

বেনাপোলের বলফিল্ড এলাকা থেকে মশাল মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বেনাপোল বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেকপোস্ট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, বাংলার মাটিতে আওয়ামী লীগের আর কোনো ঠাঁই হবে না। দীর্ঘদিনের সংগ্রাম ও অসংখ্য ত্যাগের বিনিময়ে দেশের মানুষ নতুন করে কথা বলার অধিকার ফিরে পেয়েছে। অতীতে সাধারণ মানুষের ওপর অন্যায়, অত্যাচার, জুলুম, গুম-খুন এবং ভোটাধিকার হরণের যে রাজনীতি পরিচালিত হয়েছে, তা দেশের মানুষ ভুলে যায়নি।

তিনি বলেন, জনগণের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার পর ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসনের পতন ঘটে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনও অপশক্তি যেন আবারও জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারতসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

মশাল মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল ও সমাবেশে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম