• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

রাজারবাগে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, নির্মাণাধীন ভবনকে ৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৩
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৫৩

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি সংগৃহীত
রাজধানীর রাজারবাগে রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্তকরণ এবং ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজারবাগের মোমিনবাগ গলিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

অভিযানকালে রাস্তায় জমে থাকা পানি অপসারণের পাশাপাশি আশপাশের এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকার বিষয়টি ধরা পড়ে। এ কারণে ভবনসংশ্লিষ্টদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে ভবন মালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান। ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেন তিনি।

একই সঙ্গে রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান প্রশাসক।

ডিএসসিসি জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম