• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৯:১০
আপডেট: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৯:১০

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার সকাল সোয়া ১০টার দিকে শেরে বাংলা নগরে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।

অনুষ্ঠানের শুরুতেই একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী দ্বাদশ সংসদের এমপি হিসেবে নিজের শপথ নেন। এরপর নির্বাচিত ২৯৮ জনের মধ্যে যারা উপস্থিত ছিলেন, তাদের সবাইকে শপথ পড়ান স্পিকার।

আইন মেনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন এমপিরা। এ সময় নিজ নিজ নাম উচ্চরণ করে স্পিকারের সঙ্গে সঙ্গে পড়তে থাকেন, ‘সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব, আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না’।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এ কে এম আবদুস সালাম।

এর আগে মঙ্গলবার ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশনের (ইসি)। যদিও ঢাকা-৪ আসনে ফল স্থগিতের নির্দেশ দিয়েছে আদালত। তবে ইসির আইন শাখার কর্মকর্তারা জানিয়েছেন, গেজেট প্রকাশ হওয়া ২৯৮ আসনের মধ্যে ঢাকা-৪ আসনটিও রয়েছে। গেজেট প্রকাশের পর আদালতের আদেশের বিষয়টি তারা জানতে পেরেছেন।

সংবিধানের ১৪৮(৩) অনুচ্ছেদে বলা আছে, নবনির্বাচিত সংসদ সদস্য শপথের পরপরই কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবে। অন্যদিকে, সংবিধানের ১২৩(৩) অনুচ্ছেদের শর্তাংশে বলা আছে, আগের সংসদের মেয়াদ পূরণ না হওয়া পর্যন্ত নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে কার্যভার গ্রহণ করবেন না।

এর আগে রবিবার ২৯৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও ২৯৮ আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করে ইসি। এর মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের ছেড়ে দেয়া ২৬ আসনের মধ্যে ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি ১টি করে আসনে নির্বাচিত হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র প্রার্থীরা জেতেন ৬২ আসনে। নিয়ম অনুযায়ী, গেজেট প্রকাশের পর শপথের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে চিঠি দিয়েছে ইসি সচিবালয়।

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করেছে। সুতরাং বিরোধী দলহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পায়। ফলে টানা চারবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর এই সংসদে ক্ষমতাসীন এবং বিরোধী দলে আওয়ামী লীগেরই।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম