• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

শিক্ষায় বরাদ্দ কোনো খরচ নয়, এটি মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ: মাহদী আমিন

প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৩৭
আপডেট: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ ৪:৩৭

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত

শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হিসেবে না দেখে মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, এই বিনিয়োগের মূল লক্ষ্য হলো মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক ও দক্ষ মানুষ গড়ে তোলা।

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)’-এর ২০২৬–২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হিসেবে তিনি এসব কথা বলেন।

শিক্ষার দুটি মূল উদ্দেশ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, প্রথমত সামাজিক ও পারিবারিক মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা, যিনি দেশ ও মানুষের জন্য কাজ করবেন। দ্বিতীয়ত, এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করা, যার মাধ্যমে শিক্ষার্থীরা চাকরি বা উদ্যোক্তা হয়ে স্বনির্ভর হতে পারে। সহজ কথায়, শিক্ষার মাধ্যমে ‘ভালো মানুষ’ ও ‘কাজের মানুষ’ গড়ে তোলাই লক্ষ্য।

 

মাহদী আমিন বলেন, বর্তমান সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতিনিধিত্ব করছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী কেবল সরকার গঠনের পরই নয়, নির্বাচনি প্রচারণায়ও শিক্ষার কথা বারবার বলেছেন এবং জাতিসংঘেও শিক্ষাবিষয়ক রূপকল্প তুলে ধরেছেন। ১৯৮৮ সাল থেকে তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা থেকেই সাধারণ ও খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তনে শিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

 

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ২০১১ সাল থেকে গত দেড় দশক ধরে প্রধানমন্ত্রীর খুব কাছ থেকে শিক্ষা নিয়ে কাজ করেছেন ও নীতিমালাগুলো দেখেছেন; আর এখন সেই নীতি বাস্তবায়নে কিছুটা হলেও সহযোগিতা করার সুযোগ পেয়েছেন।

মিড-ডে কর্মসূচি কিংবা প্রথম শ্রেণি থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার কথা প্রধানমন্ত্রী অনেক বছর ধরেই বলে আসছেন বলেও তিনি উল্লেখ করেন।

বাজেট প্রসঙ্গে মাহদী আমিন জানান, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ধারাবাহিকভাবে ৫ শতাংশে নেওয়ার লক্ষ্যে প্রথম বছরেই তা প্রায় ২ শতাংশ করা হয়েছে। বড় বড় ভবন বা অবকাঠামো নির্মাণের চেয়ে মানবসম্পদ উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষা কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

 

নতুন উদ্যোগ ও সংস্কারের প্রসঙ্গ টেনে উপদেষ্টা জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষা—এই নতুন চারটি বিষয় যুক্ত হচ্ছে। পাশাপাশি উচ্চ শিক্ষায় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন বাড়ানো, কারিকুলামকে আরও ব্যবহারিক করা এবং মূল্যায়ন পদ্ধতিকে আরও নির্মোহ করার কাজ চলছে। গত নয় মাসে প্রধানমন্ত্রীর বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়ে তিনি বলেন, সামনের দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে।

জাতির ‘দর্পণ’ হিসেবে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে মাহদী আমিন সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং ইরাবের পাশে থেকে একসঙ্গে পথ চলার প্রত্যয় জানান।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে দর্পণের মতো কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের চলার পথে কোনো ভুলভ্রান্তি হলে গণমাধ্যমকর্মীদের কাছ থেকে যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করেন তিনি; পাশাপাশি ভালো কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা জোগানো এবং সরকারের ভালো উদ্যোগগুলো বাস্তবায়নে ও প্রসার ঘটাতে ইতিবাচক পরামর্শ কামনা করেন।

দীর্ঘদিন ধরে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করা সাংবাদিকদের অভিজ্ঞতার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় কীভাবে চলে এবং এর ভেতরের কার্যক্রম কীভাবে সম্পাদিত হয়, সে বিষয়ে সাংবাদিকদের গভীর ধারণা রয়েছে। তাই গৃহীত নীতিমালাগুলো বাস্তবায়নে তথ্য ও উপাত্ত দিয়ে এবং ভিন্ন কোনো মতামত থাকলে তা জানিয়ে প্রতিটি মুহূর্তে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। ইরাবের সদস্যদের সঙ্গে নিজের ঘনিষ্ঠ পেশাগত সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে মতবিনিময় আরও বাড়ানোর আশাবাদও ব্যক্ত করেন মাহদী আমিন।

ইরাবের সভাপতি মীর মোহাম্মদ জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক ও ফারুক হোসাইন, ইরাবের বর্তমান সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ও নূর মোহাম্মদ প্রমুখ।

 

প্রসঙ্গত, ইরাব দীর্ঘদিন ধরে শিক্ষা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং দেশের শিক্ষার সার্বিক উন্নয়নে কাজ করে আসছে।

 

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম