শীতকালে ঠান্ডা পানির ভয়ে কেউ কেউ প্রতিদিন গোসল এড়িয়ে চলেন। আবার অনেকে গরম পানি দিয়ে গোসল করেন। শীতকালে প্রতিদিন গোসল না করলে শরীরে কী ঘটে, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শীতে ত্বক এমনিতেই শুষ্ক হওয়ার প্রবণতা বাড়ে। এ সময় প্রতিদিন গোসল না করলেও সব ক্ষেত্রে তা ক্ষতিকর নয়। বরং ঘাম বা শরীরে ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া ত্বকের সুরক্ষায় সহায়ক হতে পারে।
যুক্তরাষ্ট্রের চিকিৎসাপ্রতিষ্ঠান ক্লিভল্যান্ড ক্লিনিকের স্বাস্থ্যবিষয়ক বিভাগ ‘হেলথ এসেনশিয়ালস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে শীতকালে ত্বকের শুষ্কতা ও গোসলের অভ্যাস নিয়ে এ পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের মতে, শীতের সময় পরিবেশের আর্দ্রতা কমে যাওয়ায় ত্বক থেকে পানি হারিয়ে যায়। একই সঙ্গে ঠান্ডা আবহাওয়ায় শরীরের প্রাকৃতিক তেল উৎপাদনও কমে। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়তে পারে।
ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকতে পারে
শীতকালে প্রতিদিন গোসল না করার একটি ইতিবাচক দিক হলো, ত্বকের স্বাভাবিক তেল ও আর্দ্রতা ধরে রাখার সুযোগ তৈরি হয়। ক্লিভল্যান্ড ক্লিনিকের প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে ঘাম না হলে বা ময়লা না জমলে এক দিন গোসল বাদ দেওয়া যেতে পারে। এতে ত্বকের সুরক্ষায় ভূমিকা রাখা প্রাকৃতিক তেল অকারণে ধুয়ে যাওয়ার আশঙ্কা কমে।
ত্বকের এই প্রাকৃতিক তেল ত্বকের সুরক্ষাব্যবস্থা বজায় রাখতে এবং আর্দ্রতা ধরে রাখতে সহায়তা করে। শীতের সময় শরীরের তেল উৎপাদন কমে যাওয়ায় ত্বক এমনিতেই শুষ্ক হওয়ার ঝুঁকিতে থাকে। তাই অপ্রয়োজনে বারবার গোসল না করাই ভালো।
শীতে অতিরিক্ত গরম পানিতে গোসল
শীতের সকালে বা রাতে গরম পানিতে দীর্ঘ সময় গোসল করতে অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে অতিরিক্ত গরম পানি ত্বকের প্রাকৃতিক তেল কমিয়ে দিতে পারে। ক্লিভল্যান্ড ক্লিনিকের চর্মরোগ বিশেষজ্ঞ জেনিফার লুকাসের পরামর্শ, গোসলের সময় পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে সীমিত রাখা এবং কুসুম গরম পানি ব্যবহার করা ভালো।
ত্বক শুষ্ক, চুলকানিযুক্ত ও খসখসে হতে পারে
শীতকালে ত্বকে শুষ্কতা, চুলকানি, খসখসে ভাব দেখা দিতে পারে। এ অবস্থায় ত্বকের যত্নে গোসলের অভ্যাসের পাশাপাশি ময়েশ্চারাইজার ব্যবহারও গুরুত্বপূর্ণ। এছাড়া সুগন্ধিযুক্ত প্রসাধনীর পরিবর্তে সুগন্ধিমুক্ত ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
শীতে গোসলের অভ্যাস কেমন হওয়া উচিত
শীতকালে ত্বকের যত্নে গোসলের সময় ও পদ্ধতি গুরুত্বপূর্ণ। ক্লিভল্যান্ড ক্লিনিকের পরামর্শ অনুযায়ী, গোসল পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে শেষ করা, কুসুম গরম পানি ব্যবহার করা এবং শরীর অতিরিক্ত ঘষাঘষি না করাই ভালো। গোসলের পর দ্রুত ময়েশ্চারাইজার ব্যবহার করাও জরুরি।













