• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি

প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১১:২৭
আপডেট: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ১১:২৭

সাইবার আইন অপরাধ দমনের হাতিয়ার হোক, ভিন্নমত দমনের নয়: এবি পার্টি

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশে সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, তথ্য চুরি, হ্যাকিং, ম্যালওয়্যার, সাইবার হয়রানি এবং শিশুদের অনলাইন নিরাপত্তার মতো বাস্তব হুমকি মোকাবিলায় কার্যকর ও শক্তিশালী সাইবার আইন প্রয়োজন। তবে সাইবার অপরাধ দমনের নামে নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক ভিন্নমত দমন করা যাবে না বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসাইন মানিক মিয়া অডিটোরিয়ামে এবি পার্টি লইয়ার্স আয়োজিত ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন: নিরাপত্তা বনাম হেনস্তা’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া। সঞ্চালনা করেন ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান। স্বাগত বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা। প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে গৃহিণী থেকে শুরু করে শিক্ষার্থী ও শিক্ষক পর্যন্ত অনেককে গ্রেফতার হতে হয়েছে। গাজীপুরে একজন শিক্ষার্থীকে একটি কথিত ‘ভূতুড়ে বিল’-সংক্রান্ত বক্তব্যের কারণে গ্রেফতারের ঘটনাও ঘটেছে, যদিও তার বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। সালমান মুক্তাদিরের ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটেছে এবং তার স্টুডিও ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, ‘সালমানকে সাইজ করার টুল হাতে নেই, তাই এসব সাইবার আইন করার উদ্যোগ নেওয়া হচ্ছে; এমন ধারণা যেন মানুষের মধ্যে তৈরি না হয়।’

ফুয়াদ প্রশ্ন তুলে বলেন, সাধারণ নাগরিকরা বিএনপির সমালোচনা করতে পারবেন কি না? সন্ত্রাসকে সন্ত্রাস বললে তাদের বিরুদ্ধে মানহানির অভিযোগ হবে কি না? ‘পুলিশ আসামি ছেড়ে দিয়েছে’—এ কথা বললেও কি পুলিশের মানহানি হবে?

তিনি বলেন, এমন কোনো আইন করা যাবে না, যেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইমোজি, রাজনৈতিক সমালোচনা কিংবা সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলাও সাইবার অপরাধ হিসেবে বিবেচিত হওয়ার সুযোগ তৈরি করে। আগের সরকার ডিজিটাল আইন নিয়ে যে ভুল করেছিল, বর্তমান সরকারও যেন একই পথে না হাঁটে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত সাইবার অধ্যাদেশে যেসব ইতিবাচক বিষয় ছিল, সেগুলো বাদ দিয়ে কেন আবার কাটাছেঁড়া করা হচ্ছে, তা সরকারকে ব্যাখ্যা করতে হবে।

তিনি আরও বলেন, “গুম-খুনের বিরুদ্ধে কথা বলার লোক ছিল না। আমরা চাই আপনারা সফল হন। কিন্তু আপনারা আওয়ামী লীগ হতে পারবেন না, সেই সক্ষমতা আপনাদের নেই।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ২০২৬ সালের প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনটি ২০১৮ সালের আইন, ২০২৫ সালের অধ্যাদেশ এবং পরবর্তী সংশোধনীর ধারাবাহিকতার সর্বশেষ সংস্করণ। এই প্রস্তাবনায় ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা আরও কর্তৃত্ববাদী হয়ে ওঠার ঝুঁকি তৈরি হতে পারে।

তিনি বলেন, প্রস্তাবিত সংশোধনীগুলো এমনভাবে করা উচিত নয়, যাতে তা পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আইন ও চর্চার ধারাবাহিকতা হিসেবে বিবেচিত হয়।

স্বাগত বক্তব্যে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, বাংলাদেশে একটি শক্তিশালী সাইবার নিরাপত্তা আইন প্রয়োজন। হ্যাকিং, ফাইন্যান্সিয়াল ফ্রড, আইডেন্টিটি থেফট এবং ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের ওপর সাইবার হামলার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতেই হবে। তবে প্রশ্ন হলো, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা কি নাগরিকের স্বাধীনতাকে অনিরাপদ করে তুলব?

তিনি বলেন, “একজন সাইবার ক্রিমিনাল এবং একজন সরকারের সমালোচক এক ব্যক্তি নন। সাইবার ক্রিমিনালের বিরুদ্ধে কঠোরতা প্রয়োজন, কিন্তু রাজনৈতিক ভিন্নমতকে সাইবার ক্রাইম বানানো যাবে না।”

সাম্প্রতিক ‘সাইবার প্রোটেকশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’-এর খসড়া নিয়ে টিআইবি, আইসিএনএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্বেগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। জনগণের মতামতের জন্য মাত্র ১০ দিন সময় যথেষ্ট নয়। আইন চূড়ান্ত করার আগে আরও সময় দিয়ে অর্থবহ জনপরামর্শ করতে হবে।

তিনি আরও বলেন, ‘মিসইনফরমেশন’, ‘রিউমার’ এবং বিশেষ করে ‘ডেরোগেটরি টু দ্য স্টেট’-এর মতো অস্পষ্ট শব্দের ভিত্তিতে অনলাইন কনটেন্ট বন্ধ বা সরানোর ক্ষমতা অপব্যবহারের সুযোগ তৈরি করতে পারে।

কোনো ওয়েবসাইট বা কনটেন্ট বন্ধ বা সরানোর ক্ষেত্রে স্বাধীন বিচারিক তদারকি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও দ্রুত বিচারিক পর্যালোচনা, লিখিত কারণ, নির্দিষ্ট সময়সীমা এবং আপিলের সুযোগ থাকতে হবে।

বাংলাদেশ আইসিসিপিআরের রাষ্ট্রপক্ষ উল্লেখ করে তিনি বলেন, মতপ্রকাশ ও তথ্যের অধিকার সুরক্ষিত রাখতে যেকোনো বিধিনিষেধ হতে হবে আইনসম্মত, প্রয়োজনীয় ও আনুপাতিক। বিশ্বের আধুনিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা মূলত ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, ডেটা প্রোটেকশন, রিস্ক ম্যানেজমেন্ট এবং সাইবার রেজিলিয়েন্সের ওপর গুরুত্ব দেয়। বাংলাদেশকেও সেই পথেই এগোতে হবে।

সরকারের প্রতি পাঁচ দফা আহ্বান জানিয়ে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা বলেন, আজ যারা ক্ষমতায় আছেন, কাল তারা বিরোধী দলে থাকতে পারেন। আবার আজ যারা বিরোধী দলে আছেন, কাল তারা সরকারে যেতে পারেন। তাই এমন আইন প্রয়োজন, যা কোনো সরকারের হাতে বিরোধী মত দমনের হাতিয়ার হয়ে উঠবে না।

এ জন্য সরকারের প্রতি তিনি পাঁচটি আহ্বান জানান। এগুলো হলো—আইন চূড়ান্ত করার আগে ব্যাপক ও অর্থবহ জনপরামর্শ করা; ‘গুজব’, ‘ভুল তথ্য’ ও ‘রাষ্ট্রবিরোধী’—এ ধরনের অস্পষ্ট শব্দের অপব্যবহার বন্ধ করা; কনটেন্ট বন্ধ বা সরানোর ক্ষেত্রে আদালতের অনুমোদন ও কার্যকর বিচারিক পর্যালোচনা নিশ্চিত করা; সরকারের সমালোচনা, ভিন্নমত, সাংবাদিকতা ও জনস্বার্থে তথ্য প্রকাশকে সাইবার অপরাধ না করা এবং নাগরিকের ডিজিটাল অধিকার রক্ষায় স্বাধীন তদারকি ব্যবস্থা গড়ে তোলা।

তিনি বলেন, “আমরা এমন সাইবার সিকিউরিটি ল চাই, যা অপরাধীর বিরুদ্ধে রাষ্ট্রকে শক্তিশালী করবে, কিন্তু নাগরিকের বিরুদ্ধে রাষ্ট্রকে সীমাহীন ক্ষমতা দেবে না। আমরা রাষ্ট্রের নিরাপত্তা চাই, কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার বিনিময়ে নয়।”

সভাপতির বক্তব্যে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া বলেন, প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনে অপরাধ দমন এবং নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে সুস্পষ্ট ভারসাম্য থাকতে হবে।

তিনি বলেন, কনটেন্ট ব্লক বা অপসারণ, ‘গুজব’ ও ‘মিসইনফরমেশন’, অনলাইন মানহানি, অপমান ও বুলিংকে অপরাধের আওতায় আনার ক্ষেত্রে আইনের ভাষা অতিরিক্ত বিস্তৃত ও অস্পষ্ট হলে এর অপব্যবহারের ঝুঁকি তৈরি হবে।

বিশেষ করে আদালতের পূর্বানুমোদন ছাড়া কনটেন্ট অপসারণ বা ব্লকের সুযোগ, ‘রিজন টু বিলিভ’-এর মতো সাবজেক্টিভ মানদণ্ড এবং মতপ্রকাশ-সম্পর্কিত অপরাধে গ্রেফতারের ক্ষমতা স্বাধীন মতপ্রকাশ ও সাংবাদিকতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সাংবাদিকদের সোর্স কনফিডেনশিয়ালিটি এবং অনুসন্ধানী সাংবাদিকতার সুরক্ষার বিষয়টিও আইনে স্পষ্টভাবে নিশ্চিত করতে হবে। গুজব, মিসইনফরমেশন, অপমান, হেয় করা বা বুলিংয়ের মতো অস্পষ্ট শব্দের ভিত্তিতে যেন বৈধ রাজনৈতিক সমালোচনা, সাংবাদিকতা বা জনস্বার্থের বক্তব্য অপরাধে পরিণত না হয়।

যোবায়ের আহমেদ ভূইয়া বলেন, ব্যাংক হ্যাকিং, ব্যক্তিগত তথ্য চুরি, র‌্যানসমওয়্যার, অনলাইন প্রতারণা কিংবা শিশুদের যৌন শোষণের মতো অপরাধ কঠোরভাবে দমন করতে হবে। কিন্তু সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা, নীতির সমালোচনা করা, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা কিংবা জনস্বার্থে তথ্য নিয়ে প্রশ্ন তোলাকে শুধু সেই কারণে সাইবার অপরাধ হিসেবে গণ্য করা যাবে না।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com