• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১২:০৫
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ১২:০৫

নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, ‘একটা ডিম ১৫ টাকা’

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৬ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, একটি ডিমের দাম ১৫ টাকা হওয়া আজ দেশের কোটি নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের কাছে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে।

নাহিদ ইসলাম বলেন, যাদের প্রতিদিন মাছ-মাংস কেনার সামর্থ্য নেই, তাদের প্রোটিনের একমাত্র ভরসা ডিম। অথচ সেই ডিমের হালি এখন ৫৫ টাকা। শুধু ডিম নয়; চাল, আটা, তেল, চিনি, মুরগি, মাছ ও সবজিসহ প্রায় প্রতিটি মৌলিক খাবারের দামই বেড়েছে। ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা এবং কদিন আগেই বেড়েছে দুধের দাম। অথচ মানুষের আয় বাড়েনি, কিন্তু বেঁচে থাকার খরচ বহুগুণ বেড়ে গেছে।

সরকারের ভুল নীতি ও সিদ্ধান্তই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য দায়ী উল্লেখ করে তিনি এর পেছনে তিনটি প্রধান কারণ উল্লেখ করেছেন—

১. বাজেট ও মুদ্রাস্ফীতি: মেগা প্রজেক্ট আর হরেক রকম কার্ড ছাপানোর জন্য প্রায় ২০% বড় বাজেট বানানো হলো। দেশের অর্থনীতিতে তেমন কোনো গতি নেই। ধনীদের ট্যাক্স ফাঁকি বন্ধের বা তাদের ট্যাক্স বাড়ানোর কোনো পরিকল্পনাও নেই। তাহলে এই বাড়তি টাকা আসবে কোথা থেকে? হয় ভ্যাট বাড়িয়ে, নয় ঋণ করে, নয়তো টাকা ছাপিয়ে। ভ্যাট বাড়লে সরাসরি দাম বাড়ে। টাকা ছাপালে বাড়ে মূল্যস্ফীতি। ঋণটাও পরে ফেরত দিতে হবে সুদে আসলে।

২. জ্বালানি মূল্যবৃদ্ধি: সরকার যখন হুট করে বিদ্যুৎ আর জ্বালানির দাম বাড়ায়, তখন সেচ, পোলট্রি, মাছ চাষ, হিমাগার, মাল টানার ট্রাক, দোকান, সবকিছুর খরচ একসঙ্গে লাফিয়ে বাড়ে। সেই বাড়তি খরচটা শেষে দেয় ক্রেতাই।

৩. সিন্ডিকেট ও চাঁদাবাজি: সিন্ডিকেট আর রাজনৈতিক চাঁদাবাজি। এদের কারণে উৎপাদন খরচের চেয়ে অনেক বেশি দামে পণ্য কিনতে হয় সাধারণ মানুষকে।

সরকার চাইলে বিকল্প পথে হাঁটতে পারত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এনসিপির নির্বাচনি ইশতেহার ও ছায়া বাজেটে দেখানো হয়েছে যে, ধনীদের ট্যাক্স ফাঁকি রোধ ও অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের ব্যয় কমালে মধ্যবিত্তের ওপর ট্যাক্স কমানো যায়, নিত্যপণ্যের ভ্যাট তুলে নেওয়া যায় এবং জ্বালানিতে ভর্তুকি দেওয়া সম্ভব। কিন্তু সরকার তা না করে ভুল নীতি বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেন তিনি।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com