শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
দ্বি-পাক্ষিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠন দি ইকোনমিক রিপোটার্স ফোরাম (ইআরএফ) ইনস্টিটিউটের মধ্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) মতিঝিলস্থ ঢাকা চেম্বার অডিটোরিয়ামে স্মারক স্বাক্ষরিত হয়।
ঢাকা চেম্বার সভাপতি তাসকীন আহমেদ এবং ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ডিসিসিআইর ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, স্থানীয় ও বৈশ্বিক পরিবর্তনশীল অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি সরকারের নীতি নির্ধারকদের কার্যকর উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গণমাধ্যমের অর্থনৈতিক বিষয়ক সংবাদসমূহ খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। ডিসিসিআই এবং ইআরএফের যৌথ উদ্যোগ আয়োজিতব্য প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, গবেষণা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে অর্থনৈতিক খাতের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশা প্রকাশ করছি।
ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা বলেন, দেশের বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে ঢাকা চেম্বারই প্রথম, যার সঙ্গে ইআরএফ এ ধরনের সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
তিনি উল্লেখ করেন, গবেষণা কার্যক্রম পরিচালনায় ঢাকা চেম্বারের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সুনাম রয়েছে এবং এ সমঝোতা স্মারকের আওতায় দেশের সামগ্রিক অর্থনীতি বিশেষকরে বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে যৌথভাবে গবেষণা কর্মসূচি পরিচালনার সুযোগ তৈরি হবে, যা সরকারের নীতিমালা প্রণয়ন, প্রয়োজনীয় সংস্কার এবং বেসরকারিখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঢাকা চেম্বার মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী, ইআরএফ জেনারেল সেক্রেটারি আবুল কাসেমসহ ইআরএফের এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।













