• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নারায়ণগঞ্জে অবৈধ অটোরিকশা নিষিদ্ধফাঁকা শহরে নগরবাসীর স্বস্তি

প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৭:৫৫
আপডেট: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ ৭:৫৫

নারায়ণগঞ্জে অবৈধ অটোরিকশা নিষিদ্ধফাঁকা শহরে নগরবাসীর স্বস্তি

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ছবি : প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলোতে অটোরিকশার চাপ কমায় কিছুটা স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। লাইসেন্সবিহীন অটোরিকশা শহরে প্রবেশে কড়াকড়ি আরোপের পর দুইদিন ধরে সড়কে যানবাহনের চাপ কম দেখা যাচ্ছে। এতে আগের মতো দীর্ঘ যানজটও তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গত ৪ অক্টোবর থেকে নারায়ণগঞ্জ শহরে লাইসেন্সবিহীন অটোরিকশা প্রবেশে কড়াকড়ি শুরু করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। শহরের প্রবেশপথের ছয়টি পয়েন্টে এ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। এসব পয়েন্টে নজরদারির মাধ্যমে অনুমোদনহীন অটোরিকশা শহরের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
এর আগে শহরের বিভিন্ন সড়কে অটোরিকশার আধিক্য নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। বিশেষ করে ব্যস্ত সময়ে চাষাঢ়া, বঙ্গবন্ধু সড়ক, ২ নম্বর রেলগেটসহ গুরুত্বপূর্ণ সড়কে অটোরিকশার কারণে যান চলাচল ধীর হয়ে পড়ত। একই সঙ্গে যত্রতত্র থামিয়ে যাত্রী ওঠানো-নামানোর কারণে সড়কে বাড়তি চাপ তৈরি হতো।
নতুন করে কড়াকড়ি আরোপের পর পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে। শহরের প্রধান সড়কগুলোতে অটোরিকশার সংখ্যা কমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক থাকছে। ফলে স্বল্প দূরত্বের পথ পাড়ি দিতে আগের মতো দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে না নগরবাসীকে।
তোলারাম কলেজের শিক্ষার্থী আসাদ বলেন, অটোরিকশার কারণে শহরের ভেতরে চলাচল করতে অনেক সময় সমস্যায় পড়তে হতো। বিশেষ করে কলেজ ছুটির সময় সড়কে গাড়ির চাপ বেড়ে যেত। এখন অটোরিকশার সংখ্যা কম থাকায় সড়ক অনেকটা ফাঁকা মনে হচ্ছে। এ ব্যবস্থা নিয়মিতভাবে কার্যকর থাকলে শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা হবে।
ব্যবসায়ী আমিনুল বলেন, শহরের যানজটের বড় একটি কারণ ছিল অতিরিক্ত অটোরিকশা। অনেক সময় রাস্তার পাশে বা মোড়ের মধ্যে অটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানো-নামানো হতো। এতে যান চলাচল আটকে যেত। এখন সড়কে গাড়ির চাপ কম থাকায় দোকান ও ব্যবসায়িক কাজে চলাচলও সহজ হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শহরে অবৈধ অটোরিকশার প্রবেশ নিয়ন্ত্রণ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। লাইসেন্স ছাড়া কোনো অটোরিকশা যাতে শহরে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করতে নজরদারির ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখা এবং শহরের যানজট কমাতে সিটি করপোরেশন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। নিয়ম মেনে চলাচলকারী যানবাহনকে সুযোগ দেওয়ার পাশাপাশি অনুমোদনহীন অটোরিকশার বিরুদ্ধে নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত থাকবে।
সিটি করপোরেশনের এই উদ্যোগে আপাতত শহরের সড়কে যানজট কমে স্বস্তি ফিরলেও, নগরবাসীর প্রত্যাশা শুধু কয়েকদিন নয়, নিয়মিত নজরদারি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে শহরের যান চলাচলে শৃঙ্খলা ধরে রাখা হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com