শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকথক তৈরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাইল সাংবাদিকতা (মোজো) নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, তৈরি ও উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
বুধবার (৭ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এ কর্মশালার আয়োজন হয়। ‘ক্লাসরুম টু নিউজরুম: মোবাইল জার্নালিজম (মোজো) ট্রেনিং ওয়ার্কশপ অ্যান্ড স্ট্রিংগার ইনিশিয়েটিভ’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে যৌথভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ঢাকার গণমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।
এ আয়োজনে রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং টিবিএসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অব মাল্টিমিডিয়া মজুমদার বাবু।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন এই কর্মশালা আয়োজনের আহ্বায়ক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক মশিহুর রহমান ও সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে পত্রিকা পড়তে শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হতো। এখন মোবাইলের এক ক্লিকেই সারা বিশ্বের খবর পাওয়া যাচ্ছে। টিবিএসের সঙ্গে বিভাগের এ চুক্তি শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের জন্য বাড়তি সুবিধা দেবে।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুল বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে গেছে। কম্পিউটারে কম্পোজ থেকে শুরু করে সফটওয়্যারনির্ভর সংবাদ সম্পাদনা, টেলিভিশন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার পর মোবাইল ফোন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে উঠেছে। তাই শুধু মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করতে পারলেই হবে না, এর মাধ্যমে সাংবাদিকতার খুঁটিনাটি বিষয়ও শেখা প্রয়োজন।
এর আগে স্বাগত বক্তব্যে অধ্যাপক মশিহুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সাংবাদিকতার নানা বিষয় জানলেও বাস্তবে কীভাবে এবং কোথায় সেই জ্ঞান প্রয়োগ করতে হবে, সে জায়গায় একটি ঘাটতি থেকে যায়। একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সহযোগিতার মাধ্যমে এই গ্যাপ কমানো সম্ভব। তিনি শিক্ষার্থীদের কর্মশালাটিকে শুধু একটি প্রশিক্ষণ হিসেবে না দেখে বাস্তব কাজের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হিসেবে নেওয়ার আহ্বান জানান।
কর্মশালায় আরও বক্তব্য দেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মজুমদার বাবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও কর্মশালার লিড ট্রেইনার রাজীব নন্দী। এই কর্মশালায় বিভাগের দ্বিতীয় বর্ষ থেকে এমএসএস প্রথম সেমিস্টারের ৫৭ জন শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সালেহ শোয়েব। ইভেন্ট ম্যানেজমেন্ট সহযোগিতায় ছিলেন বিভাগের শিক্ষার্থী কে এম সিদ্দিক, তাসিন সিদ্দিকা রূপা ও প্রান্ত কুমার দাশ।













