• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

ফিচার পোস্ট

আগামীতেও শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগে পাশে থাকবে ছাত্রদল: রাকিব

প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৭:৪৪
আপডেট: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ৭:৪৪

আগামীতেও শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগে পাশে থাকবে ছাত্রদল: রাকিব

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের ইতিহাস সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, শিক্ষার্থীদের যেকোনো সৃজনশীল ও গঠনমূলক উদ্যোগে ছাত্রদল আগামীতেও সর্বাত্মক সহযোগিতা নিয়ে পাশে থাকবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগার ও কমল কুঁড়ি আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং জাতীয়তাবাদের বিকাশ ও উৎকর্ষ সাধনের লক্ষ্যে কমল কুঁড়ির উদ্যোগে এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ‘ক’ ও ‘খ’ এই দুটি বিভাগে ভাগ হয়ে প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্যে ছাত্রদলের সভাপতি বলেন, কমল কুঁড়ির উদ্যোগে প্রায় সাড়ে সাত হাজার প্রতিযোগী এই রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন এবং তাঁর অনন্য ভূমিকা নিয়ে সাধারণ শিক্ষার্থীরা যেভাবে আগ্রহ নিয়ে এতে অংশ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, “আমি আশা রাখি, আগামীতে শহীদ জিয়ার কর্মময় জীবন, রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর ভূমিকা নিয়ে আরও বৃহৎ পরিসরে প্রতিযোগিতার আয়োজন করা হবে। সাধারণ শিক্ষার্থীদের জন্য এ ধরনের ইতিবাচক কর্মসূচি বাস্তবায়নে ছাত্রদলের সহযোগিতার হাত সব সময় প্রসারিত থাকবে।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।

কমল কুঁড়ির আহ্বায়ক ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন, স্বনির্ভরবিষয়ক সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি এমপি, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন উজ্জ্বল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি এবং জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তি।

আলোচনা সভা শেষে আয়োজক ও অতিথিরা রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com