• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

সরকারি হাসপাতাল রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে : চসিক মেয়র

প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১২:৪১
আপডেট: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১২:৪১

সরকারি হাসপাতাল রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে : চসিক মেয়র

 

শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে। ক্রমবর্ধমান রোগীর চাপ সামাল দিতে সরকারি হাসপাতালগুলো হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোও রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (৯ অক্টোবর) চট্টগ্রাম নগরের বায়েজিদ লিংক রোডে সাজিনাজ হসপিটালের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় হাসপাতালটির আইএসও সনদ প্রাপ্তি উদযাপন করা হয়।

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর বর্তমান পরিসংখ্যান তুলে ধরে মেয়র ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতা ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি।

সাজিনাজ হসপিটাল সেবার মান ও রোগীবান্ধব পরিবেশের কারণে চট্টগ্রামের মানুষের আস্থা অর্জন করেছে উল্লেখ করে মেয়র বলেন, হাসপাতালটি এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করবে বলে তিনি আশাবাদী। আইএসও সনদ অর্জন করায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান তিনি।

অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, মানবসেবার মাধ্যমে মহান আল্লাহকে সন্তুষ্ট করার ব্রত নিয়ে সাজিনাজ হসপিটালের যাত্রা শুরু হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বর্তমানে হাসপাতালটি চট্টগ্রামের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি পেয়েছে। গতানুগতিক হাসপাতালের ধারণা থেকে বেরিয়ে রোগীদের মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, রোগী ও তাদের অভিভাবকদের আস্থার প্রতি সম্মান জানিয়ে হাসপাতালের সেবার পরিধি বাড়ানো হচ্ছে। রোগীদের চাহিদার কথা বিবেচনা করেই হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক ও চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, অধ্যাপক ডা. তমিজউদ্দীন মানিক, অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী এবং ডা. এস এম সরওয়ার আলম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com