শীর্ষ খবর ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে রবিবার (১১ অক্টোবর) বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনে সন্ধ্যা ৬টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (১০ অক্টোবর) রাতে বৈঠকের বিষয়টি জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, বৈঠকে দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রতিষ্ঠা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংবিধান সংশোধন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে।
সাধারণত সংসদ অধিবেশন শুরুর এক বা দুই দিন আগে কিংবা অধিবেশন চলাকালে সংসদীয় দলের বৈঠক হয়। তবে এবার সংসদের পরবর্তী অধিবেশনের তারিখ নির্ধারণের আগেই বৈঠক ডাকা হয়েছে।
এদিকে সংসদের পরবর্তী অধিবেশন আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তারিখ ঘোষণা করা হয়নি।












